বাংলাদেশ নৌবাহিনী সেন্টমার্টিন দ্বীপের কাছে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ দুটি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে। শনিবার (২৭ জুন) বিকেল ৫টায় বাংলাদেশ নৌবাহিনী চট্টগ্রাম অঞ্চলের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিযানের বিবরণ
গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ শুক্রবার ভোরে সেন্টমার্টিন দ্বীপ থেকে আনুমানিক ১৩ মাইল দূরে পৃথক দুটি অভিযান পরিচালনা করে। অভিযানে ‘এফবি ফাতেমা হোসনা’ এবং ‘এফবি নিঝু রাব্বি’ নামক দুটি ইঞ্জিনচালিত দেশীয় কাঠের ফিশিং বোট আটক করা হয়।
জব্দকৃত সিমেন্ট ও আটক ব্যক্তি
আটক বোট দুটিতে তল্লাশি চালিয়ে ‘এফবি ফাতেমা হোসনা’ থেকে ১০ জন পাচারকারীসহ ৬৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট এবং ‘এফবি নিঝু রাব্বি’ থেকে ১১ জন পাচারকারীসহ ৮০০ বস্তা ডায়মন্ড সিমেন্ট উদ্ধার করা হয়। সর্বমোট ২১ জন পাচারকারীকে আটক এবং ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়েছে।
আইনি ব্যবস্থা
আটক ব্যক্তি, জব্দ বোট এবং সিমেন্টের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে নৌবাহিনী জানিয়েছে।



