চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাফি (২০) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সোমবার (৬ জুলাই) উপজেলার নারায়নপুর পৌরসভার কালিকাপুর মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা যায়, কালিকাপুর গ্রামের প্রবাসী ইউসুফের ছেলে রাফি ৬ জুলাই দুপুরে একই বাড়ির ৪ বছর বয়সী শিশুটিকে বাড়ির পাশের রাস্তায় ধর্ষণের চেষ্টা করে। এ সময় একই এলাকার আলম নামে এক ব্যক্তি ঘটনাটি দেখতে পান। পরে আলম চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে রাফিকে আটক করে থানায় খবর দেয়।
পুলিশি ব্যবস্থা
পুলিশ ঘটনাস্থল থেকে রাফিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি হাফিজুর রহমান মানিক বলেন, “এ বিষয়ে শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”



