১৯৭১ সালের ২৬শে মার্চ: বাঙালির স্বাধীনতা ঘোষণার ঐতিহাসিক দিন ও বঙ্গবন্ধুর নেতৃত্ব
২৬শে মার্চ: স্বাধীনতা ঘোষণা ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভূমিকা

১৯৭১ সালের ২৬শে মার্চ: বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার ঐতিহাসিক দিন

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ১৯৭১ সালের ২৬শে মার্চ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত। এই দিনটি কেবল একটি তারিখ নয়, বরং বাঙালি জাতির আত্মনিয়ন্ত্রণ ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার চূড়ান্ত মুহূর্ত। পূর্ব বাংলায় দীর্ঘকাল ধরে চলা রাজনৈতিক বঞ্চনা, সাংস্কৃতিক দমন ও অর্থনৈতিক শোষণের প্রেক্ষাপটে এই দিনের তাৎপর্য গভীরভাবে প্রোথিত।

পাকিস্তানি রাষ্ট্রব্যবস্থায় বাঙালির সংগ্রাম

ভারত বিভাজনের পর পাকিস্তানি রাষ্ট্রব্যবস্থায় পূর্ব বাংলা দ্রুত রাজনৈতিক প্রতিনিধিত্বহীনতা, ভাষাগত বৈষম্য ও অর্থনৈতিক বঞ্চনার শিকার হয়। ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন এবং গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা বাঙালির রাজনৈতিক স্বাতন্ত্র্যকে শক্তিশালী করে। ধীরে ধীরে এটি স্পষ্ট হয়ে ওঠে যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি আঞ্চলিক সংস্কারের বিষয় নয়, বরং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল সম্ভব।

১৯৭০ সালের নির্বাচন ও গণঅভ্যুত্থান

এই প্রেক্ষাপটে, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় স্বায়ত্তশাসনের দাবিকে গণতান্ত্রিক বৈধতা দান করে। সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানালে সংকট চরমে পৌঁছায়। এই অস্থিরতার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ রাজনৈতিক সংগঠন ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের নতুন কাঠামো গঠনে নির্ধারক ভূমিকা পালন করে। অহিংস অসহযোগ আন্দোলনের মাধ্যমে তিনি পাকিস্তানি রাষ্ট্রযন্ত্রকে অকার্যকর করে পূর্ব বাংলার প্রশাসনিক নিয়ন্ত্রণ জনগণের হাতে তুলে দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

২৫শে মার্চের গণহত্যা ও বঙ্গবন্ধুর গ্রেপ্তার

২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী 'অপারেশন সার্চলাইট' নামে একটি সামরিক অভিযান শুরু করে, যা গণহত্যা, বুদ্ধিজীবী হত্যা, অবকাঠামো ধ্বংস ও একটি জাতিকে নির্মূল করার প্রচেষ্টা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও ছাত্রদের হত্যা, রাজারবাগ পুলিশ লাইনে হামলা এবং পিলখানা ইপিআর সদর দপ্তরে নির্বিচারে হত্যাকাণ্ড বাঙালি জাতীয়তাবাদকে দমন করার সামরিক অভিপ্রায় প্রমাণ করে। সেই রাতেই প্রায় ১:৩০টায় বঙ্গবন্ধুকে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাসা থেকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয় এবং তিন দিন পর পাকিস্তানে প্রেরণ করা হয়। ২৬শে মার্চ জেনারেল ইয়াহিয়া খান আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করে বঙ্গবন্ধুকে 'দেশদ্রোহী' আখ্যা দেওয়ার চেষ্টা করেন, যা জনগণের অপ্রতিদ্বন্দ্বী নেতাকে সরানোর একটি কৌশল মাত্র।

স্বাধীনতা ঘোষণার ঐতিহাসিক মুহূর্ত

এই বর্বর হামলার পরপরই, ২৬শে মার্চ ভোররাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক স্বাধীনতা ঘোষণা প্রেরণ করেন: "এটাই হয়তো আমার শেষ বার্তা—আজ থেকে বাংলাদেশ স্বাধীন।" তিনি জনগণকে আহ্বান জানান যেখানেই থাকুক এবং যা কিছুই হাতে থাকুক, দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। তার গ্রেপ্তারের আগেই এই ঘোষণা ইপিআরের ওয়্যারলেস সিস্টেমের মাধ্যমে চট্টগ্রামে পৌঁছায় এবং পরবর্তীতে বিভিন্ন স্থানে প্রচারিত হয়। এটি কেবল একটি রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, বরং মুক্তির সমষ্টিগত আকাঙ্ক্ষাকে রাষ্ট্রীয় রূপ দেওয়ার একমাত্র বৈধ ঘোষণা ছিল।

কালুরঘাট বেতার কেন্দ্র ও আন্তর্জাতিক স্বীকৃতি

কালুরঘাট বেতার কেন্দ্র ঘোষণা প্রচার ও মুক্তিযোদ্ধাদের সংগঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ও ওয়্যারলেস বার্তার পর, এম. এ. হান্নান, সুলতানুল আলম, বেলাল মোহাম্মদ, আবদুল্লাহ আল-ফারুক, আবুল কাশেম সন্দ্বীপ, কবি আবদুস সালাম, মাহমুদ হাসান ও মেজর জিয়ার মাধ্যমে ঘোষণা, খবর ও প্রতিরোধ কর্মসূচি সম্প্রচারিত হয়। একই দিনে, কলকাতা আকাশবাণী সকাল ৯টায় পূর্ব বাংলায় যুদ্ধ শুরু হওয়ার ঘোষণা দেয় এবং অস্ট্রেলিয়ার এবিসি রেডিও প্রথমবারের মতো ঢাকা গণহত্যার খবর বিশ্ববাসীর কাছে পৌঁছে দেয়।

আন্তর্জাতিক গণমাধ্যম ও ঐতিহাসিক দলিল

২৬ ও ২৭শে মার্চ আন্তর্জাতিক গণমাধ্যম ঘোষণাটি শিরোনাম সংবাদ হিসেবে পরিবেশন করে। দ্য টাইমস লিখেছিল: "পূর্ব পাকিস্তানে শেখ মুজিবের স্বাধীনতা ঘোষণা তীব্র যুদ্ধের সূচনা করেছে।" ফাইন্যান্সিয়াল টাইমস জানায়: "স্বাধীনতা ঘোষণার পর পূর্ব পাকিস্তানে গৃহযুদ্ধ শুরু।" দ্য নিউ ইয়র্ক টাইমস উল্লেখ করে: "স্বাধীনতা ঘোষণার কয়েক ঘণ্টা পর শেখ মুজিব গ্রেপ্তার।" লস অ্যাঞ্জেলেস টাইমস আরও স্পষ্টভাবে বলেছিল: "শেখ পূর্ব পাকিস্তানের ৭৫ মিলিয়ন মানুষকে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে ঘোষণা করেছেন।" অস্ট্রেলিয়ার দি এজ প্রতিবেদন করে: "আজ পূর্ব পাকিস্তান নিজেকে স্বাধীন ঘোষণা করেছে এবং শেখ মুজিব এই ঘোষণা দিয়েছেন।" এই প্রতিবেদনগুলো প্রমাণ করে যে বৈশ্বিক সম্প্রদায় ২৬শে মার্চকে বাংলাদেশের স্বাধীনতার সূচনা এবং বঙ্গবন্ধুকে এর প্রধান ঘোষক হিসেবে স্বীকৃতি দিয়েছে।

স্বাধীনতার ঘোষণাপত্র ও মুক্তিযুদ্ধের বৈধতা

১৯৭১ সালের ১০ই এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রে এই ঘোষণা আইনি রূপ লাভ করে, যা স্পষ্টভাবে উল্লেখ করে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬শে মার্চ ঢাকায় স্বাধীনতা ঘোষণা করেছেন। এই দলিল আন্তর্জাতিক আইনের মধ্যে বাংলাদেশের রাষ্ট্রীয়তা বৈধতা দান করে এবং মুক্তিযুদ্ধের সংগঠনিক শক্তি সুসংহত করে। এই বৈধতার পরিপ্রেক্ষিতে, মুক্তিযুদ্ধ একটি পূর্ণাঙ্গ গণযুদ্ধে রূপ নেয়। জেনারেল এম. এ. জি. ওসমানির সামরিক নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করা হয়, অন্যদিকে রাজনৈতিক নেতৃত্ব আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব এগিয়ে নেয়। জনগণের অংশগ্রহণ, সাংস্কৃতিক প্রতিরোধ, বেতার সম্প্রচার ও সশস্ত্র সংগ্রাম মিলিয়ে মুক্তিযুদ্ধ বাঙালি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গণযুদ্ধে পরিণত হয়।

উপসংহার: একটি জাতির আত্মপ্রকাশের দিন

সুতরাং, ২৬শে মার্চ কেবল একটি তারিখ নয়, এটি বাঙালি জাতির আত্মপ্রকাশের অনন্য, চিরজ্বলন্ত মুহূর্ত—যেদিন একটি জাতি তার শৃঙ্খল ভেঙে নিজের ভবিষ্যৎ বেছে নেয়। এটি একটি নতুন রাষ্ট্রের জন্ম দেয়, যা গণতান্ত্রিক ম্যান্ডেট, জনগণের আস্থা, নিরলস সংগ্রাম, দৃঢ় নেতৃত্ব ও মুক্তিযোদ্ধাদের ত্যাগের উপর প্রতিষ্ঠিত। ইতিহাসের নীরব দলিল, আন্তর্জাতিক গবেষণা ও নিরপেক্ষ বৈশ্বিক প্রতিবেদন সবাই নিশ্চিত করে যে স্বাধীনতার প্রধান ঘোষক, জাতির পথপ্রদর্শক ও মুক্তির প্রথম কণ্ঠ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ক্ষীণ অথবা শক্তিশালী বার্তা ছিল মুক্তিযুদ্ধের শপথ, এবং ১৯৭১ সালের ২৬শে মার্চ ছিল সেই মুহূর্ত যখন বাঙালি জাতি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব ইতিহাসের দরজায় কড়া নাড়ে।

লেখক: আইন বিভাগের সহযোগী অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়