গণভোটের ম্যান্ডেট ভায়োলেট করলে হবে ব্লান্ডার: শিশির মনির
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির সতর্ক করে দিয়েছেন যে, সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫-এর গণভোটে উল্লেখিত ম্যান্ডেটকে ভায়োলেট করতে চায়, তবে তা একটি রাজনৈতিক ও আইনি ব্লান্ডারে পরিণত হবে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট অঙ্গনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
ইন্টেরিম সরকারের বৈধতা রক্ষা জরুরি
শিশির মনির বলেন, “ইন্টেরিম গভার্মেন্টের কোন ইনিশিয়েটিভকে যদি অ্যাকসেপ্ট করতে না চান তাহলে আল্টিমেটলি নিজের অস্তিত্বকে অস্বীকার করা।” তিনি ব্যাখ্যা করেন যে, বর্তমান সরকার যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে, সেটাও একটি ইন্টেরিম ম্যানেজমেন্টের অংশ, যা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের অধীনে গণভোট অনুষ্ঠিত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, “কেউ যদি এটাকে অস্বীকার করে তখন তার নিজের অস্তিত্বই থাকবে না।”
তিনি আরও উল্লেখ করেন, “ফলে আমি মনে করি অবশ্যই ইন্টেরিম গভর্মেন্টের যেসব কাজ করেছেন, সংস্কার কাজ করেছেন, বিভিন্ন অধ্যাদেশ জারি করেছেন— অধ্যাদেশ থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন তার মধ্যে সেপারেট জুডিসিয়াল সেক্রেটারিয়েট অধ্যাদেশ জারি করেছেন। এগুলোর ব্যাপারে বর্তমান সরকার সেমভাবে কাজ করবেন; এগুলোকে অ্যাক্টে রূপান্তর করবেন।”
সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার আহ্বান
শিশির মনির সতর্ক করেন যে, যদি ইন্টেরিম সরকারের কাজগুলোকে আইনে রূপান্তর না করা হয়, তবে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা কঠিন হবে। তিনি বলেন, “যদি রূপান্তর না করেন তাহলে মাঝখানে যে গ্যাপ হবে এই গ্যাপটা ফুলফিল না করার কারণে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা কঠিন হবে।”
তিনি জুলাই জাতীয় সনদে বর্ণিত অপূর্ণ সংস্কারগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এর বাইরে যেগুলো অপরাপর সংস্কার আছে সেগুলোর ব্যাপারে তারা তাদের ম্যানিফেস্টো অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। কিন্তু যে তিনটা সুনির্দিষ্ট বলা আছে এগুলোর ব্যাপারে নিজের মত করে ম্যানিফেস্টো অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে না। যদি নেন তাহলে গণভোটের এই ম্যান্ডেটকে অস্বীকার করা হবে।”
প্রতিবাদ ও আইনি পদক্ষেপের ইঙ্গিত
শিশির মনির বলেন, “যদি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫-এর অন্তর্ভুক্ত বিষয়গুলোকে পাশ কাটিয়ে যাওয়া হয় অথবা বাস্তবায়ন করা না হয় তাহলে আমাদের জোট এবং আদালতের ভেতরে এবং বাইরে উভয় জায়গায় প্রতিবাদমুখর হয়ে আমরা কাজ করবো।” তিনি সরকারকে গণভোটের ম্যান্ডেট সম্মান করার আহ্বান জানান, যাতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে।
