বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রোগী ধরার দালাল চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। মঙ্গলবার (১২ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ জন দালালকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৬ জন নারী এবং একজন অপ্রাপ্তবয়স্ক। তারা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি হিসেবে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভ্রান্ত করে নিজেদের সেন্টারে নিয়ে যেতেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান
বরিশালের জেলা প্রশাসনের সহকারী কমিশনার (স্থানীয় সরকার শাখা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা জানান, দীর্ঘদিন ধরে এই দালাল চক্রটি সরকারি হাসপাতাল থেকে রোগীদের ভুল বুঝিয়ে নিয়ে যাচ্ছিল। আমরা অভিযান চালিয়ে ৮ জনকে আটক করেছি। এদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক ছিল।
দণ্ড ও জরিমানা
আটককৃতদের মধ্যে ৫ জনকে ৭ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা, ২ জনকে ৪ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা
উল্লেখ্য, সোমবার (১১ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতালটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি দালালদের দৌরাত্ম্য দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং তাদের আটকের জন্য প্রশাসনকে কঠোর নির্দেশ দেন। এই নির্দেশনার পরই মঙ্গলবার অভিযান চালিয়ে দালালদের আটক করা হয়।



