জয়পুরহাটে ধানখেতে মিলল অজ্ঞাত লাশ, পুলিশ তদন্ত শুরু
জয়পুরহাটে ধানখেতে অজ্ঞাত লাশ উদ্ধার, তদন্ত শুরু

জয়পুরহাটের আক্কেলপুরে হত্যার পর হাত-পা বেঁধে একটি ধানখেতে পুঁতে রাখা হয় অজ্ঞাত ব্যক্তির লাশ। মঙ্গলবার (১২ মে) দুপুরে আক্কেলপুর উপজেলার নওজোর গ্রামের নিশ্চিন্তা ফসলের মাঠ থেকে লাশটি উদ্ধার করেছে থানা পুলিশ।

ঘটনার বিবরণ

আক্কেলপুর থানার ওসি শাহীন রেজা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাঠে মাটিচাপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত হতভাগ্য ওই ব্যক্তির কোনো পরিচয় জানা যায়নি। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।

স্থানীয় এলাকাবাসী জানান, ওই মাঠের মধ্যে লাশটি মাটিতে পুঁতে রাখা হলেও ওই ব্যক্তির পা দুটি বাইরে (মাটির উপরি ভাগে) বেরিয়ে ছিল। ওই লাশের গায়ে ছিল নীল ও ঘিয়া রঙের গেঞ্জি এবং পরনে ছিল লুঙ্গি। তবে হাত-পা বাধা অবস্থায় ছিল। সম্ভবত ২ থেকে ৩ দিন আগে তাকে হত্যার পর তার লাশ ধান খেতে পুঁতে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের পদক্ষেপ

আক্কেলপুর থানার ওসি শাহীন রেজা বলেন, লাশটি উদ্ধার করে থানায় নেওয়ার কাজ চলছে। এরপর ময়নাতদন্তের জন্য জয়পুরহাটের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। তাৎক্ষণিকভাবে লাশটির পরিচয় জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ