ত্রয়োদশ জাতীয় সংসদের ‘বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির’ প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সংসদ ভবনে কমিটির সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্যদের উপস্থিতি
বৈঠকে কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, মো. আমানউল্লাহ আমান, মো. আবুল খায়ের ভূঁইয়া, মোছা. তাহসিনা রুশদীর, মুহাম্মদ নওশাদ জমির, শাহজাহান চৌধুরী এবং মো. নূরুল ইসলাম অংশ নেন।
কার্যক্রম ও আলোচনা
পরিচিতি পর্বের পর বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত-প্রস্তাব সংক্রান্ত কমিটির কার্যক্রম সম্পর্কে সদস্যদের অবহিত করা হয়। পাশাপাশি কমিটির কার্যপরিধি, বেসরকারি বিল এবং সিদ্ধান্ত-প্রস্তাব সংক্রান্ত সংবিধান ও কার্যপ্রণালী বিধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
কমিটির কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে জনগুরুত্বপূর্ণ বিষয়ে বেসরকারি বিল উত্থাপনে সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দেওয়া হয় বৈঠকে। একই সঙ্গে বেসরকারি সদস্যদের বিলের খসড়া প্রস্তুতে সহায়তা দিতে সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটকে আরও সক্রিয় হওয়ার সুপারিশ করা হয়।
প্রার্থনা ও অন্যান্য
বৈঠকের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আত্মোৎসর্গকারী ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



