পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় তিন দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ আছে চার কিশোরী। গত রোববার বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে তারা আর ফেরেনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উৎকণ্ঠায় দিন কাটছে চার কিশোরীর পরিবার ও স্বজনদের।
পরিবারের উদ্বেগ
এ ঘটনার পর রোববার রাতেই চার কিশোরীর অভিভাবকেরা বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ কিশোরীদের মধ্যে তিনজন সপ্তম শ্রেণি ও একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তিনজন একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অন্যজন পাশের একটি উচ্চবিদ্যালয়ে পড়ে।
নিখোঁজ এক কিশোরীর বাবা বলেন, গতকাল সোমবার বিকেলে একটি অচেনা নম্বর থেকে তাঁর স্ত্রীর মুঠোফোনে কল আসে। ফোনে তাঁদের মেয়ে জানায়, তারা চারজন এক ‘আন্টির’ সঙ্গে বেড়াতে গেছে। তবে কোথায় আছে, তা না জানিয়েই ফোন কেটে দেয়। এর পর থেকে নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। অন্য তিন কিশোরীর পরিবারও একই ধরনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে। তবে কী কারণে তারা বাড়ি ছেড়েছে বা কার সঙ্গে গেছে, এ বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি।
টাকা নিয়ে যাওয়ার তথ্য
নিখোঁজ এক কিশোরীর এক স্বজন বলেন, ওই কিশোরী তার বাবার ৩৫ হাজার টাকা নিয়ে গেছে। টাকার জন্য তাঁদের আক্ষেপ নেই। তবে মেয়েটি কোথায় আছে, কী অবস্থায় আছে, তা জানতে না পারায় পরিবারটি উদ্বেগে আছে।
বিদ্যালয়ে দুটির একাধিক শিক্ষক জানান, নিখোঁজ চার শিক্ষার্থী ওই দিন শ্রেণিকক্ষে উপস্থিত ছিল না। পরে বিকেলে অভিভাবকদের মাধ্যমে তাঁরা জানতে পারেন, শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। পরে সহপাঠীদের সঙ্গে কথা বলে বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও তাদের সন্ধান মেলেনি। নিখোঁজ হওয়ার কারণ সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশের তৎপরতা
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, চার কিশোরীকে উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত আছে। দ্রুত তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আশা করছেন তিনি।



