হানিফসহ চারজনের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ, পরবর্তী শুনানি ১২ মে
হানিফসহ চারজনের যুক্তিতর্ক শেষ, শুনানি ১২ মে

চব্বিশের জুলাই-আগস্টের আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ছয় জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন। পরবর্তী শুনানির জন্য আগামী মঙ্গলবার (১২ মে) দিন নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১১ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলার যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তাকে সহায়তা করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।

প্রথম দিনের যুক্তিতর্কে আসামিদের বক্তব্য, নির্দেশনা ও সাংগঠনিক ভূমিকার ধারাবাহিকতায় কুষ্টিয়ায় হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে দাবি করে প্রসিকিউশন। একই সঙ্গে এসব ঘটনা পরিকল্পিত ও সমন্বিত হামলার অংশ বলেও ট্রাইব্যুনালে তুলে ধরা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এর আগে গত ২৩ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তার জেরা সম্পন্ন হয়। এই মামলায় মোট ১৯ জন সাক্ষ্য প্রদান করেন।

হানিফ ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন— কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। তারা সবাই পলাতক রয়েছেন।

২০২৫ সালের ৫ অক্টোবর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ৬ অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়। পরে ২ নভেম্বর এই চার আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এই মামলায় আসামিদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ছয় জনকে হত্যার অভিযোগ আনা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ