প্রধানমন্ত্রী তারেক রহমানকে খোলা চিঠি দিলেন শিশির মনির
প্রধানমন্ত্রী তারেক রহমানকে খোলা চিঠি শিশির মনিরের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফেসবুকে খোলা চিঠি দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। সোমবার (১১ মে) বিকেল ৫টায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে তিনি এই চিঠি প্রকাশ করেন।

চিঠির মূল বক্তব্য

চিঠিতে শিশির মনির লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমি জানি আপনি অনেক ব্যস্ত। আপনি এখন ক্ষমতায় তাই অনেক মধুর মাছি আপনাকে ঘিরে ধরবে। উদ্দেশ্য হাসিল করতে চাইবে। আমার কথা আপাত-অর্থে তিক্ত মনে হতে পারে। কিন্তু প্রকৃত অর্থে আমার বিবেচনায় এটাই সঠিক। আপনি অনেক পরিশ্রম করছেন। দেশ গঠনের জন্য সময় দিচ্ছেন। আপনি সহজ-সরল জীবন যাপন করার চেষ্টা করছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।”

পুলিশ মহাপরিদর্শকের প্রসঙ্গ

পুলিশ মহাপরিদর্শকের বিষয়ে চিঠিতে তিনি লেখেন, “পুলিশ মহাপরিদর্শকের বক্তব্যের সময় আপনি সামনে বসা ছিলেন। নিশ্চয়ই আপনি বিব্রত হয়েছেন। আমার বিশ্বাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বা বেগম খালেদা জিয়ার সামনে এভাবে কথা বললে থামিয়ে দিতেন। হয়তো আপনিও এই ধরনের বক্তব্য পছন্দ করেননি। আপনি যে রাষ্ট্রের কথা বলছেন বা স্বপ্ন দেখাচ্ছেন সেটা এই রকম নয়।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

“তিনি একজন সরকারি কর্মচারী। তার ব্যক্তিগত আদর্শ বা চিন্তা বা দৃষ্টিভঙ্গি থাকতেই পারে। কিন্তু জনসম্মুখে এই ধরনের বক্তব্য দিলে আপনার সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। মানুষ এইগুলি নিয়ে ট্রল করবে। নেতিবাচক ধারণার তৈরি হবে। অতীতের পরিস্থিতির সঙ্গে মিল খুঁজে পাবে। অন্যরাও উদাহরণ হিসেবে নিয়ে একই ধরনের বক্তব্য দিতে পারে।”

“দয়াকরে এই ভদ্রলোককে দৃষ্টি আকর্ষণ করুন। আমি শুনেছি অনেক মাননীয় সংসদ সদস্য ও মাননীয় মন্ত্রীকে আপনি তাদের অগ্রহণযোগ্য বক্তব্যের জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন। এখানেও করা দরকার। অন্যথায় ভুল মেসেজ যাবে। জনমনে বিভ্রান্তি তৈরি হবে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশ বাহিনীর প্রতি প্রত্যাশা

চিঠিতে শিশির মনির বলেছেন, “জনাব পুলিশ প্রধান তার অনুভূতি প্রকাশ করেছেন। তিনি ভুলে গেছেন যে বর্তমানে তিনি পুলিশের প্রধান ব্যক্তি। তার কথা-বার্তা এবং দৃষ্টিভঙ্গির সঙ্গে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সরাসরি সম্পর্ক বিদ্যমান। সেজন্য অত্যন্ত সতর্কতার সহিত পা ফেলা জরুরি।”

“আমাদের পুলিশ বাহিনী শক্তিশালী হয়ে উঠুক। সামর্থ বৃদ্ধি পাক। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর হউক। এই প্রত্যাশায়।”