সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি রোধে সিসিটিভি স্থাপনের নির্দেশ চেয়ে হাইকোর্টে রুল
সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি রোধে সিসিটিভি স্থাপনে হাইকোর্টের রুল

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত সিসিটিভি ক্যামেরা এবং পাবলিক ডিসপ্লে মনিটর স্থাপনের নির্দেশনা চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (৪ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি আব্দুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ রুল দেন।

রুলের বিবরণ

রুলে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে (আইজিআর) জবাব দিতে বলা হয়েছে। আদালত জানতে চেয়েছেন, নিবন্ধন অধিদপ্তরের আওতাধীন দেশের সব সাব-রেজিস্ট্রার অফিসে অবিলম্বে হাই-ডেফিনিশন (এইচডি) সিসিটিভি ক্যামেরা ও পাবলিক ডিসপ্লে মনিটর স্থাপনে পদক্ষেপ না নেওয়া কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না।

রিট আবেদনের অন্যান্য দাবি

এ ছাড়া সেবা কার্যক্রমের ডিজিটালাইজেশন তদারকিতে একটি বিশেষ কমিটি গঠন এবং সব সাব-রেজিস্ট্রি অফিসে ২৪ ঘণ্টা কঠোর নজরদারি নিশ্চিত করার নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে। সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন সরোয়ার জনস্বার্থে এ রিট আবেদন দায়ের করেন। এর আগে গত ২৬ এপ্রিল তিনি সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠান। নির্ধারিত সাত দিনের মধ্যে জবাব না পাওয়ায় তিনি হাইকোর্টে আবেদন করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুপ্রেরণা ও প্রত্যাশা

রিটকারী জানান, সাভার সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসাইনের ব্যক্তিগত উদ্যোগে অফিসে সিসিটিভি স্থাপনের খবরে অনুপ্রাণিত হয়ে তিনি এই পদক্ষেপ নেন। তিনি বলেন, সাভারের অফিসে গিয়ে দেখেছেন, সেখানে সিসিটিভি মনিটর জনগণের দেখার জন্য বাইরে স্থাপন করা হয়েছে। একই ব্যবস্থা দেশব্যাপী চালু হলে সাধারণ মানুষের কাছে জবাবদিহিতা আরও নিশ্চিত হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ