পুলিশের নতুন পোশাক মানানসই নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, আগের পোশাকেই পুলিশ সদস্যরা ফিরছেন। শার্ট আগের মতোই থাকবে—মেট্রোপলিটন এলাকায় সবুজ এবং সারাদেশে নীল। প্যান্ট থাকবে খাকি রঙের।
নতুন পোশাক প্রত্যাহার
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর এই পোশাকটি ব্যাপকভাবে গৃহীত হয়নি, মানানসই নয়। পুলিশ সদস্যদের আবেদনের প্রেক্ষিতে এই বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। একটি ঐতিহ্যবাহী ড্রেস যেন দেওয়া যায় সেটাও আমরা বিবেচনা করেছি।
সন্ত্রাসীদের জামিন প্রসঙ্গে
মন্ত্রী আরও বলেন, ৫ আগস্টের পর বেশ কিছু শীর্ষ সন্ত্রাসী আদালতের মাধ্যমে জামিন পেয়েছে, এ বিষয়ে সরকারের কিছু করার নেই। এসব ব্যক্তি সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকার এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।
বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। জনগণকে স্বস্তি দিতে কাজ করছে সরকার, যদিও এর জন্য কিছুটা সময় লাগতে পারে।



