কুকি-চিনের ২০ হাজার পোশাক জব্দের মামলায় জামিন জালিয়াতির ঘটনায় হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ অফিসার জাকির হোসেনকে বরখাস্ত করা হয়েছে। সোমবার (৪ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘটনার বিবরণ
প্রায় সাত মাস আগে তথ্য গোপন করে হাইকোর্ট থেকে জামিন নেওয়া হয়। সেই জামিন আদেশে দুই বিচারপতির সইয়ের পর তা বদলে ফেলা হয়। বদলে ফেলা সেই জামিন আদেশ জাল-জালিয়াতির মাধ্যমে নতুন করে মামলার নম্বর ও থানার নাম বসানো হয়। পরে তা কারাগারে দাখিল করা হয়।
আসামির মুক্তি
দাখিল করা জামিন আদেশের ভিত্তিতেই কারাগার থেকে বেরিয়ে যায় চট্টগ্রামে কুকি-চিনের ২০ হাজার পোশাক জব্দের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি সাহেদুল ইসলাম। সে চট্টগ্রামে অবস্থিত ‘রিংভো অ্যাপারেলসের’ মালিক।
প্রকাশ ও তদন্ত
মামলার আরেক আসামি উচ্চ আদালতে জামিন নিতে এসে ওই আসামির জামিন পাওয়ার উদাহরণ টানলে বিষয়টি প্রকাশ পায়। এরপরই এই জামিন জালিয়াতির ঘটনা সরাসরি প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নজরে আনেন রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
প্রধান বিচারপতির নির্দেশ
অ্যাটর্নি জেনারেলের অভিযোগ আমলে নিয়ে ঘটনা তদন্তে রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে বুধবার নির্দেশ দেন প্রধান বিচারপতি। একইসঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে রেজিস্ট্রার জেনারেলকে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়।



