নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, অবাধ তথ্যপ্রবাহের প্রধান পূর্বশর্ত হচ্ছে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য। তথ্যের স্বাধীনতা যেমন কাম্য, তেমনি অপতথ্য রোধ করে ‘ক্লিন ইনফরমেশন’ নিশ্চিত করা সমাজ ও রাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ। ডিজিটাল হ্যাজার্ড ও অপতথ্য এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে।
সঠিক তথ্যের অভাব
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান ডিজিটাল যুগে তথ্যের অভাব নেই, কিন্তু সঠিক তথ্যের অভাব রয়েছে। ডিজিটাল হ্যাজার্ড ও অপতথ্য মোকাবিলায় কেবল আইন নয়, বরং সৃজনশীল জ্ঞান ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক ও সামাজিক সংস্কৃতিতে জবাবদিহির বড় অভাব রয়েছে। তথ্যপ্রবাহকে অবাধ করার পাশাপাশি এর পরিচ্ছন্নতা বজায় রাখতে একটি উন্নত রেগুলেটরি সিস্টেম প্রয়োজন। সরকার কর্তৃত্ববাদী শাসক নয়, বরং সার্ভিসিং ম্যানেজার হিসেবে তথ্যের সঠিক প্রবাহ নিশ্চিত করতে চায়।
টেকসই রোডম্যাপ তৈরির উদ্যোগ
সঠিক তথ্য ও মুক্ত গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সরকার একটি টেকসই রোডম্যাপ তৈরির কাজ করছে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে ‘রিসোর্সফুল নেটওয়ার্ক’ গড়ে তোলার উদ্যোগের কথা জানান মন্ত্রী।
সেমিনারের অন্যান্য বক্তা
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিজ আল কায়সার, নোয়াব সভাপতি ও দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ ও ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ।
মতিউর রহমান চৌধুরী বলেন, বর্তমানে সাংবাদিকতার ক্ষেত্রে অস্থিরতা লক্ষ করা যাচ্ছে। মূলধারার সাংবাদিকতা নানা চ্যালেঞ্জের মুখে, অন্যদিকে সোশ্যাল মিডিয়া ও ‘ফটো কার্ডের’ মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে পড়ছে। এই অসম প্রতিযোগিতা ও অপতথ্য ছড়ানোর ফলে মূলধারার সংবাদমাধ্যমগুলোই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্বাগত বক্তব্য দেন এনএসইউর মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. রিজওয়ানুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমসিজে বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক এ এস এম রেজওয়ান-উল-আলম। নির্ধারিত আলোচক ছিলেন বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের প্রধান নির্বাহী এ এইচ এম বজলুর রহমান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা দেশের সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জ ও প্রস্তাব তুলে ধরেন।



