কুষ্টিয়ায় ছাত্রলীগের তিন কর্মী গ্রেপ্তার, পুলিশের দাবি বিস্ফোরক মামলা
কুষ্টিয়ায় ছাত্রলীগের তিন কর্মী গ্রেপ্তার, পুলিশের দাবি বিস্ফোরক মামলা

কুষ্টিয়ার কুমারখালীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার সন্দেহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ এপ্রিল) সকালে কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে পুলিশ বলছে, একটি বিস্ফোরক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের পরিচয় ও পুলিশের বক্তব্য

গ্রেপ্তাররা হলেন কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকার মিরাজ মোল্লার ছেলে মো. জিসান (২১), মো. আলমগীরের ছেলে জুয়েল রানা (২০) ও শাহিনুরের ছেলে মো. শাওন (১৭)। তারা ছাত্রলীগের কর্মী-সমর্থক বলে জানিয়েছে পুলিশ। কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, একটি বিস্ফোরক মামলায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া একটি মারামারি মামলায় মাহফুজ (২৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার পটভূমি

জানা গেছে, গত মঙ্গলবার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সভাপতি জীবন হাসান সোহেলের ব্যক্তিগত ফেসবুকে বেশ কয়েকটি মোটরসাইকেলে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ২৭ সেকেন্ডের ভিডিও প্রকাশ করা হয়। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। বুধবার সকালে শেরকান্দি এলাকায় অভিযান চালিয়ে মিছিলে জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করা হয়। পরে ২০২৪ সালের ১৫ অক্টোবর কুমারখালী থানায় এক বৈষম্যবিরোধী ছাত্রের দায়ের করা বিস্ফোরক মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ছাত্রলীগের বক্তব্য

উপজেলা ছাত্রলীগের সভাপতি জীবন হাসান সোহেল বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ছাত্রলীগের দেয়াল লিখন ও বিক্ষোভ মিছিল চলছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গত মঙ্গলবার রাতে কুমারখালী কাজীপাড়া এলাকায় একটি মোটরসাইকেল মিছিল করা হয়। এ ঘটনার জেরে বুধবার বেআইনিভাবে তিনজনকে গ্রেপ্তার করে মিথ্যা মামলায় চালান দিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।