সাবেক সরকারের হত্যা-গুমে ১ হাজার ৮৫৫ মামলা: আইনমন্ত্রী
সাবেক সরকারের হত্যা-গুমে ১ হাজার ৮৫৫ মামলা

বৃহস্পতিবার জাতীয় সংসদে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণ-অভ্যুত্থান–পরবর্তী সময়ে দেশের বিভিন্ন থানায় মোট এক হাজার ৮৫৫টি মামলা করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৭৯৯টি এবং অন্যান্য ধারায় এক হাজার ৫৬টি মামলা রয়েছে।

মামলার তদন্ত অগ্রগতি

আইনমন্ত্রী বলেন, এক হাজার ৮৫৫টি মামলার মধ্যে ১৫৮টি মামলার তদন্ত শেষ করে চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৪৮টি এবং অন্যান্য মামলা ১১০টি। বাকি এক হাজার ৬৯৭টি মামলার তদন্ত চলমান আছে। তিনি উল্লেখ করেন, এই বিপুল সংখ্যক মামলার তদন্ত জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া হলেও দ্রুততম সময়ে প্রতিবেদন দাখিলের লক্ষ্যে পুলিশ বিভাগ কাজ করে যাচ্ছে। প্রতিটি মামলার সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে।

জামিন ও ন্যায়বিচার প্রসঙ্গে

আইনমন্ত্রী আরও বলেন, জামিনের বিষয়টি সম্পূর্ণরূপে আদালতের এখতিয়ারাধীন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রতিটি মামলায় যুক্তি উপস্থাপনপূর্বক সক্রিয়ভাবে আসামিদের জামিনের বিরোধিতা করছেন। তিনি জোর দিয়ে বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে সংগঠিত নৃশংস অপরাধের শিকার ব্যক্তিগণ ও ভুক্তভোগী পরিবারগুলোকে ন্যায়বিচার প্রদানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যারা নিরীহ মানুষদের হত্যা করেছে, গুম করেছে, নির্যাতন করেছে, পঙ্গু করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার বিষয়ে সরকার নিরলসভাবে কাজ করছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাবরেজিস্ট্রার পদ শূন্য

জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, নিবন্ধন অধিদপ্তরের জন্য অনুমোদিত সাবরেজিস্ট্রার পদের সংখ্যা ৪৯৭টি, যার মধ্যে শূন্য পদ ১১৫টি। এর মধ্যে ৫ শতাংশ কোটায় পদোন্নতিযোগ্য ১৪টি পদ শূন্য, বাকি ১০১টি পিএসসির মাধ্যমে পূরণযোগ্য। ৪৩তম বিসিএসে ৩টি, ৪৪তমে ৮টি, ৪৫তমে ৬টি, ৪৬তমে ৪৭টি এবং ৫০তম বিসিএস হতে সাবরেজিস্ট্রার পদে ১৬টি সহ মোট ৮০টি পদ পূরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৫তম বিসিএস হতে সাবরেজিস্ট্রার ছয় প্রার্থীকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।

বালাম বহি সংকট

এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ২০২১-২২ অর্থবছরে এক লাখ ৩৫ হাজার বালাম বহির কার্যাদেশ দেওয়া হয়েছিল, যার মধ্যে এক লাখ বালাম বহি সরবরাহ করা হয় এবং ৩৫ হাজার বালাম বহি বকেয়া ছিল। ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে বালাম বহির জন্য মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর বরাবর কার্যাদেশ দেওয়া হয়নি কিংবা বালাম বহি সংগ্রহ করা হয়নি। ২০২৪-২৫ অর্থবছরে ১ লাখ ৫০ হাজার বালাম বহির কার্যাদেশ প্রদান করা হলেও ২০২৫ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত ৮৩ হাজার ২৩৫ বালাম বহিয়া বকেয়া ছিল।

আইনমন্ত্রী আরও বলেন, বিগত অর্থবছরে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক চাহিদা ও কার্যাদেশ অনুযায়ী বালাম বহি সরবরাহ না করায় বালাম বহির সংকট তৈরি করা হয়। বর্তমানে বালাম বহির সরবরাহ স্বাভাবিক আছে। দেশে এখন ৬৬ হাজার ৫৪৮টি বালাম রক্ষিত আছে। এ ছাড়া আরও ১০ হাজার বালাম বহি মুদ্রণ করা হয়েছে।