৭ বছরের শিশুকে আসামি করায় বাদীর নিন্দা এলাকাবাসীর
৭ বছরের শিশুকে আসামি করায় বাদীর নিন্দা এলাকাবাসীর

নাটোরের গুরুদাসপুরে ৭ বছরের এক শিশু শিক্ষার্থীকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টা মামলায় আসামি করায় এলাকাবাসী নিন্দা জানিয়েছেন। ওই শিশুটি প্রথম শ্রেণির ছাত্র।

আদালতে জামিন

রোববার (২৬ এপ্রিল) ওই শিশু শিক্ষার্থীকে আদালত জামিন দিয়ে মামলার বাদীকে পরবর্তী তারিখে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেন।

ঘটনার বিবরণ

মামলার নথি, বাদী-বিবাদী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নারীঘটিত একটি বিষয়কে কেন্দ্র করে ৮ এপ্রিল উপজেলা চত্বরের বিজ্ঞান মেলায় ধারাবারিষা গ্রামের শ্রাবণ ও তার বন্ধুদের সঙ্গে তারেক-মাহফুজ গ্রুপের কথা কাটাকাটি হয়। ওই ঘটনার জেরে পরদিন ধারাবারিষা উচ্চ বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে শ্রাবণ ও তার বন্ধুরা উপস্থিত হলে তারেক-মাহফুজুল ও তার সহযোগীরা শ্রাবণকে হাতুড়িসহ লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এতে তার মাথা থেঁতলে যায়। শ্রাবণকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ওই ঘটনায় ১০ এপ্রিল শ্রাবণের পিতা শাহনুর রহমান বাদী হয়ে ৫ জনের নামে গুরুদাসপুর থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

মামলায় শিশুর নাম

মামলার বাদী শাহনুর রহমান ৩ নম্বর আসামি হিসেবে প্রথম শ্রেণির ছাত্র হুসেন আলীর নাম মামলায় লিপিবদ্ধ করেন। রোববার ওই শিশু শিক্ষার্থী নাটোর কোর্টে হাজির হয়ে জামিনের আবেদন জানালে জেলা ও দায়রা জজ মুহাম্মদ রফিকুল ইসলাম তার জামিন মঞ্জুর করে মামলার বাদী শাহনুর রহমানকে পরবর্তী তারিখে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেন।

সোমবার (২৭ এপ্রিল) সরেজমিন অভিযুক্ত হুসেন আলীর বাড়িতে গিয়ে দেখা যায়, শিশু শিক্ষার্থী স্কুল শেষে বাড়ির পাশে খেলা করছিল। মামলা বা ঘটনা সম্পর্কে সে কিছুই জানে না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এলাকাবাসীর প্রতিক্রিয়া

এলাকার বাবু, শামীম, আসমত, রফিক, শরিফুল ইসলামসহ অন্তত ২০ জন দুঃখ প্রকাশ করে বলেন, এ ধরনের মিথ্যা মামলা করায় তারা ধিক্কার জানান। বাদীকে আইনের আওতায় নিয়ে বিচারের দাবি জানান তারা।

হুসেনের পিতা শাজাহান আলী (লিতাই) কবিরাজ জানান, তার ছোট ছেলে হুসেন আলী ধারাবারিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী। কিভাবে তাকে মামলার আসামি করা হয়েছে সেটা তার জানা নেই। তবে মামলায় তার নাম থাকায় নাটোর কোর্টে হাজির করে জামিনের আবেদন করলে কোর্ট তার জামিন মঞ্জুর করেছেন।

ধারাবারিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী জানান, ভর্তি রেজিস্টার অনুসারে হুসেন আলী তার বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। জন্ম সনদ অনুসারে তার বয়স ৭ বছর ৭ মাস ৩ দিন। তার ভর্তি রোল ১৭।

বাদীর বক্তব্য

মামলার বাদী শাহনুর রহমান জানান, তার ছেলে শ্রাবণকে হত্যার উদ্দেশ্যে মাহফুজ, তারেক, হাসানের সহযোগীরা মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেছে। ওই ঘটনার মামলায় ৩ নম্বর আসামি হাসানের স্থলে ভুলক্রমে তার ছোট ভাই হুসেনের নাম অন্তর্ভুক্ত হয়েছে।

তদন্ত কর্মকর্তার বক্তব্য

তদন্ত কর্মকর্তা গুরুদাসপুর থানার এসআই বখতিয়ার উদ্দিন খান বলেন, মামলার তদন্ত কাজ চলমান। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই শিশু শিক্ষার্থী অভিযুক্ত নন। তবে বাদী তার মামলায় হুসেন আলীর নাম যুক্ত করেছেন। তদন্ত প্রতিবেদনে শিশু শিক্ষার্থী হুসেন আলীর নাম কর্তন করার সুযোগ রয়েছে।

গুরুদাসপুর থানার ওসি মুনজুরুল আলম জানান, বাদী শাহনুর রহমান গুরুদাসপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। সেখানে ৩ নম্বর আসামি হুসেন আলী বয়স ২১ বছর উল্লেখ রয়েছে। প্রাথমিক তদন্তে ওই নামের আসামির বয়স ৭ বছর। তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনে শিশুটির নাম বাদ দেওয়া হবে।