ময়মনসিংহের ফুলপুরে কংশ নদীতে পানি পরিমাপ করতে গিয়ে স্রোতে ভেসে গেছেন পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার আবুল হালিম তালুকদার (৫৫)। খবর পেয়ে উদ্ধার কাজে অংশ নিয়েছেন ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। তবে সোমবার (২৭ এপ্রিল) বিকেলের দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার উদ্ধারের কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
নিখোঁজের ঘটনা
নিখোঁজ ব্যক্তি আবুল হালিম তালুকদার ঠাকুরবাখাই গ্রামের মজিদ তালুকদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৭টার দিকে সরচাপুর ঘাটে পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার আবুল হালিম তালুকদার নদীতে ক্যারেন্ট মিটার (স্কেল) ঠিক করার সময় পানির স্রোতে ভেসে যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ৫ সদস্যের ডুবুরি দল নিয়ে উদ্ধার কাজে অংশ নেন।
উদ্ধার তৎপরতা
ফায়ার সার্ভিসের ফুলপুর স্টেশন ইনচার্জ লুৎফর রহমান সোমবার বিকেল ৫টার দিকে জানান, পাহাড়ি ঢলে পানির সঙ্গে কংশ নদীতে স্রোতের তীব্রতা বেড়েই চলছে। ৮ ঘন্টাব্যাপী ৩ কিলোমিটার এলাকা তল্লাশি করেও নিখোঁজ হালিম তালুকদারের সন্ধান মেলেনি। মঙ্গলবার আবারও তল্লাশি শুরু হবে।
ফুলপুর থানার ওসি মো. রাশেদুল হাসান ইত্তেফাক ডিজিটালকে বলেন, পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার আবুল হালিম স্রোতের কারণে নিখোঁজ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তার সন্ধানে তল্লাশি অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস।



