রাজধানীর বাড্ডায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছিল। তিনি থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক।
রবিবার (২৬ এপ্রিল) বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, “বিকালে ছাত্রীর বাবার করা আত্মহত্যায় প্ররোচণার মামলায় ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।”
এর আগে পুলিশ হেফাজতে ছিলেন ওই শিক্ষক ও নিহতের এক সহপাঠী। তবে পরিবারের পক্ষ থেকে সহপাঠীর বিরুদ্ধে কোনও অভিযোগ না থাকায় জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয় বলেও জানান তিনি।
প্রসঙ্গত, সকালে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ। জানা যায়, মৃত্যুর আগে ডায়েরি ও হোয়াটসঅ্যাপে সুইসাইড নোট লিখে গিয়েছিলেন নিহত ওই শিক্ষার্থী। সেখানে তার সহপাঠীকে হানিকে উদ্দেশ্য করে লেখা ছিল— “তুই আর সুদীপ স্যার ভালো থাকিস।”



