জামায়াতের প্রার্থী সাবিকুন্নাহারের সম্পদ ও আয় প্রকাশ
জামায়াতের প্রার্থী সাবিকুন্নাহারের সম্পদ ও আয়

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী। তিনি দলটির কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। এছাড়া তিনি কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এবং ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের এমপি প্রার্থী মতিউর রহমানের সহধর্মিণী।

আয় ও সম্পদের বিবরণ

নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, সাবিকুন্নাহার গত বছরের আয়কর বিবরণীতে মোট সম্পদ দেখিয়েছেন ১ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার ৩১৬ টাকা। তার বার্ষিক আয় ১৬ লাখ ৭ হাজার ২৫০ টাকা এবং নগদ অর্থ রয়েছে ১ লাখ টাকা।

পেশায় আইনজীবী সাবিকুন্নাহারের কাছে ১৩ ভরি সোনা রয়েছে। তার একটি প্রাইভেট কার আছে, যার মূল্য ৩ লাখ ৭০ হাজার টাকা। অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ৪৪ লাখ ৭৬ হাজার ৫৫০ টাকা, যার বর্তমান আনুমানিক মূল্য ৮৯ লাখ ৬০ হাজার টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থাবর সম্পদ

সাবিকুন্নাহারের কোটি টাকার বেশি স্থাবর সম্পদ রয়েছে। রাজধানীর উত্তরায় ৮ লাখ ৮ হাজার ৫০০ টাকার জমি এবং নিজ প্লটে ভবন নির্মাণ বাবদ ১ কোটি ২৫ লাখ ১ হাজার ৭৬৩ টাকার সম্পত্তি আছে। স্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ১ কোটি ৩৩ লাখ ১০ হাজার ২৬৩ টাকা, যা বর্তমানে আনুমানিক ৮ কোটি ৫০ লাখ টাকা হয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

স্বামীর সম্পদ

হলফনামায় দেখা গেছে, সাবিকুন্নাহারের স্বামী মতিউর রহমানেরও উল্লেখযোগ্য সম্পদ রয়েছে। তার নামে অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ২ কোটি ২২ লাখ ৮৯ হাজার ২৯৫ টাকা, যা বর্তমানে ২ কোটি ৪৯ লাখ ৯২ হাজার ১৩০ টাকা হয়েছে। স্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ৬১ লাখ ৯ হাজার ৪৩৪ টাকা হলেও বর্তমান আনুমানিক মূল্য দেখানো হয়েছে ১৬ কোটি টাকা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ