বাগেরহাটের শরণখোলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আ. হানিফ হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধকে হাতের কবজি ও রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার রাজৈর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, নিহতের প্রতিবেশী বাবুল হাওলাদারের সঙ্গে আ. হানিফের জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে হানিফ বিরোধপূর্ণ জমিতে গেলে বাবুল হাওলাদার এবং তার দুই ছেলে হানিফকে কুপিয়ে জখম করে।
আহত অবস্থায় হাসপাতালে
আহত অবস্থায় হানিফ নিজেই সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নওশিন বলেন, হাড়সহ হাতের কবজি কাটা গুরুতর এবং রক্তক্ষরণ অবস্থায় হানিফ নিজে শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। দ্রুত তার রক্তক্ষরণ বন্ধ করে উন্নত চিকিৎসার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার জন্য তাকে পরামর্শ দেওয়া হয়।
মৃত্যুর কারণ
ডা. নওশিন আরও বলেন, আহত ব্যক্তির সঙ্গে কেউ হাসপাতালে আসেনি। আহত ব্যক্তিকে দ্রুত সময়ে খুলনা মেডিকেলে না পাঠানোয় সকাল ১০টার দিকে শরণখোলা হাসপাতালেই হানিফ মারা যায়। অতিরিক্ত রক্তক্ষরণ ও হাতের কবজি হাড়সহ অনেকগুলো শিরা কেটে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।
পুলিশের কার্যক্রম
শরণখোলা থানার ওসি মো. শামিনুল হক বলেন, পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে হানিফের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।



