ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের জয়জয়কার
ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের জয়

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব কটি পদে জয় পেয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। তাঁরা সবাই সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে নির্বাচনে অংশ নেন। সভাপতি পদে মো. নূরুল হক এবং সাধারণ সম্পাদক পদে মমরুজুল হাসান বিজয়ী হন।

ভোট গণনা ও ফলাফল ঘোষণা

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা আবু রেজা মো. ফজলুল হক। নির্বাচনে ১ হাজার ৩৮ জন ভোটারের মধ্যে ৮৪০ জন আইনজীবী ভোট দেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সমিতির ভবনে ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকেল পাঁচটা পর্যন্ত। এরপর রাতভর ভোট গণনা শেষে আজ সকালে ফলাফল প্রকাশ করা হয়।

বিতর্কিত নোটিশ ও প্রার্থিতা বাতিল

১৫ এপ্রিল ‘ফ্যাসিস্টের সহযোগী’ আখ্যা দিয়ে এ নির্বাচন থেকে ১৬ জনের প্রার্থিতা বাতিল করে নোটিশ প্রকাশ করেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও সমিতির আহ্বায়ক আবদুল বারি। এই সিদ্ধান্ত নিয়ে নির্বাচনী এলাকায় বিতর্ক তৈরি হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিজয়ী প্রার্থীদের বিস্তারিত তথ্য

সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী মো. নূরুল হক ৫৯৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত-এনসিপি জোট–সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের প্রার্থী এ কে এম আমান উল্লাহ পেয়েছেন ২১১ ভোট। সাধারণ সম্পাদক পদে সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের মমরুজুল হাসান ৭৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের প্রার্থী এ টি এম মাহবুব উল আলম পেয়েছেন ৬০ ভোট।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য বিজয়ী প্রার্থীরা

বিএনপিপন্থী আইনজীবী প্যানেলের বিজয়ী অন্য প্রার্থীরা হলেন সহসভাপতি পদে মীর এমরান আলী এবং এ কে এম মইনুল হোসেন, সহসম্পাদক পদে সজীব সরকার, মোহাম্মদ আসাদুজ্জামান খান ও রাইসুল ইসলাম, অডিটর পদে মোহাম্মদ শরিফুল ইসলাম, কার্যকরী সদস্য পদে সাবিকুন্নাহার, রিয়াদ মো. সাঈদ, রেজাউল কিবরিয়া, মো. শাহীন আলম, জায়েদ বিন খলিল, মোহাম্মদ আলী ও সামির আল রশিদ বিপ্লব।

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির এই নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীদের পূর্ণ বিজয় আইনজীবী মহলে আলোড়ন সৃষ্টি করেছে।