মানি লন্ডারিংয়ের অভিযোগের মামলায় ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন।
আদালতের শুনানি
আদালতে ইমরানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।
গ্রেফতার ও মামলা
এর আগে ২০২৫ সালের ৩ মার্চ ইমরান হোসেনকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়। সিআইডি থেকে বলা হয়, ১৩৩ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা মামলায় সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়। তবে চার্জশিটে ১ কোটি ৩৩ লাখ টাকা মানি লন্ডারিংয়ের কথা বলা হয়েছে।
ছাগলকাণ্ডের প্রেক্ষাপট
২০২৪ সালের কোরবানির ঈদে ইমরানের সাদিক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকায় (প্রাথমিক দর) ‘উচ্চবংশীয়’ ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন তৎকালীন এনবিআর সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত। এরপর আলোচনায় আসে সাদিক অ্যাগ্রো খামার।
অন্যান্য বিতর্ক
বেশি দামে গরু বিক্রি করে আলোচিত ছিল সাদিক অ্যাগ্রো। দেশে নিষিদ্ধ ব্রাহমা জাতের ১৮টি গরু আমদানিও করেছিল সাদিক অ্যাগ্রো। কাস্টমস বিভাগ বিমানবন্দরে সেই গরু জব্দ করে। প্রাণিসম্পদ অধিদফতর অবশ্য কৌশলে সেই গরু সাদিক অ্যাগ্রোকেই দিয়েছিল।



