মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের (ডিজি) চলতি দায়িত্ব পেয়েছেন অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
দায়িত্বের বিবরণ
অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বর্তমানে অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত) দায়িত্বের পাশাপাশি মাধ্যমিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তবে মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পাওয়ার পর তিনি একান্ত সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।
শিক্ষার গুরুত্বপূর্ণ এই দপ্তরে নিয়মিত মহাপরিচালক না থাকায় তাকে এই চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে মহাপরিচালক চলতি দায়িত্বে পদায়ন করা হলো। এছাড়া চলতি দায়িত্ব কোনো পদোন্নতি নয়; এ চলতি দায়িত্ব প্রদানের কারণে তিনি পদোন্নতি দাবি করতে পারবেন না।
পদ শূন্যতার ইতিহাস
সংশ্লিষ্ট পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে তার যোগদানের তারিখ থেকে এ চলতি দায়িত্বের আদেশটি বাতিল বলে গণ্য হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, গত ছয় মাস ধরে মাউশিতে নিয়মিত মহাপরিচালকের পদ ফাঁকা। এ পদে দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছে। অন্তর্বর্তী সরকারের সময়ে গত বছরের ১৪ অক্টোবর তৎকালীন মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে অপসারণ করে ওএসডি করা হয়। এর আগে একই বছরে নিয়োগ পাওয়া অধ্যাপক এহতেসাম উল হককে এক মাসের মধ্যে সরিয়ে দেওয়া হয়।



