ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি হিসেবে যোগ দিলেন অধ্যাপক ইলিয়াস ছিদ্দিকী
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ইলিয়াস ছিদ্দিকী

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকী। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের আলোকে বুধবার (১০ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান

নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) দায়িত্ব গ্রহণকালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান তাকে স্বাগত জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের অপর প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ট্রেজারার শাহীনুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. নওসের আলী, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. জিয়াউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিয়োগের বিস্তারিত

মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩ এর ১৩(১) ধারা অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকীকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত পদে বহাল থাকবেন। এই পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ও ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে দায়িত্ব পালন করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্ববর্তী কর্মজীবন

প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের একজন অভিজ্ঞ ও প্রবীণ শিক্ষক। তার কর্মজীবনের শুরুতে তিনি ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত চট্টগ্রামের ওয়াজেদিয়া কামিল মাদরাসায় ফকিহ হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করে পর্যায়ক্রমে প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, অধ্যাপক, বিভাগীয় চেয়ারম্যান, শাহ আমানত হলের প্রভোস্ট এবং সোহরাওয়ার্দী হলের হাউস টিউটরসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেন।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে পূর্ব অভিজ্ঞতা

এছাড়া ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রেষণে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগদান করে তিনি বিশ্ববিদ্যালয়ের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিদর্শক, সিন্ডিকেট সদস্য এবং একাডেমিক কাউন্সিল সদস্যসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবন ও গবেষণা

শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে ইসলামিক স্টাডিজ বিষয়ে বি.এ. (সম্মান) ও এম.এ. ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি ২০১২ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি পাঁচটি বই, ১৭টি বাংলা গবেষণা প্রবন্ধ এবং ১০টি আরবি গবেষণা প্রবন্ধ রচনা করেছেন। এছাড়া তিনি একাধিক এমফিল ও পিএইচডি গবেষকের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।