রাষ্ট্রের সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের অস্তিত্বের মূল ভিত্তি। সার্বভৌমত্ব ছাড়া কোনো রাষ্ট্র কল্পনা করা যায় না। রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে সার্বভৌমত্ব এমন একটি সর্বোচ্চ ক্ষমতা, যার মাধ্যমে রাষ্ট্র তার ভৌগোলিক সীমার মধ্যে সব ব্যক্তি, প্রতিষ্ঠান, আইন ও নীতিকে নিয়ন্ত্রণ করে। এ ক্ষমতার বাইরে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আইনগত কর্তৃত্ব নেই। সার্বভৌমত্বের এ ধারণা আধুনিক রাষ্ট্রব্যবস্থার মূল কাঠামো গঠন করেছে।
সার্বভৌমত্বের ধারণা ও প্রকারভেদ
সার্বভৌমত্ব সাধারণত দুটি ভাগে বিভক্ত— অভ্যন্তরীণ ও বাহ্যিক। অভ্যন্তরীণ সার্বভৌমত্বের অর্থ হলো— রাষ্ট্র তার নিজ দেশের ভেতরে সব ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী এবং কার্যক্রমকে আইনগতভাবে নিয়ন্ত্রণ করার একচ্ছত্র ক্ষমতা রাখে। রাষ্ট্র এখানে সর্বোচ্চ কর্তৃপক্ষ। আইন তৈরি করা, তা বাস্তবায়ন করা এবং আইন অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া— সবই রাষ্ট্রের অভ্যন্তরীণ সার্বভৌম ক্ষমতার অংশ। অন্যদিকে বাহ্যিক সার্বভৌমত্ব হলো— আন্তর্জাতিক পরিমণ্ডলে রাষ্ট্রের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষা করার ক্ষমতা। কোনো বিদেশি রাষ্ট্র যাতে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে না পারে এবং প্রয়োজনে সামরিক শক্তির মাধ্যমে বাইরের আক্রমণ প্রতিহত করার ক্ষমতাই বাহ্যিক সার্বভৌমত্বের মূল বিষয়।
এ দুই ধরনের সার্বভৌমত্বের মধ্যে অভ্যন্তরীণ সার্বভৌমত্ব বাস্তব জীবনে সবচেয়ে বেশি দৃশ্যমান হয় রাষ্ট্রের প্রশাসনিক ও আইনশৃঙ্খলা ব্যবস্থার মাধ্যমে। এ ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দৃশ্যমান অংশ হলো পুলিশ বাহিনী। পুলিশকে রাষ্ট্রের অভ্যন্তরীণ সার্বভৌমত্বের 'প্রথম দৃশ্যমান প্রতীক' বলা হয়। পুলিশ বাহিনী রাষ্ট্রের আইন বাস্তবায়ন করে। তারা অপরাধ দমন করে, জননিরাপত্তা নিশ্চিত করে, যান চলাচল নিয়ন্ত্রণ করে এবং রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষা করে। পুলিশ ছাড়া কোনো আধুনিক রাষ্ট্রে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয়। রাষ্ট্রের আইন কেবল বই বা নথিতে থাকলে তা কার্যকর হয় না; বরং সেই আইন বাস্তবায়নের জন্য প্রয়োজন বলপ্রয়োগের বৈধ ক্ষমতা। এ ক্ষমতা রাষ্ট্র একমাত্র পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে প্রয়োগ করে।
ম্যাক্স ওয়েবারের রাষ্ট্রতত্ত্ব ও পুলিশের ভূমিকা
ম্যাক্স ওয়েবারের বিখ্যাত সংজ্ঞা অনুযায়ী, রাষ্ট্র হলো এমন একটি প্রতিষ্ঠান, যা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে বৈধ বলপ্রয়োগের একচেটিয়া অধিকার রাখে। অর্থাৎ রাষ্ট্র ছাড়া অন্য কেউ আইনগতভাবে বলপ্রয়োগ করতে পারে না। এ ধারণাই আধুনিক রাষ্ট্রের ভিত্তি। এখন প্রশ্ন হলো— যদি রাষ্ট্রের আইন বাস্তবায়নের কাজে নিয়োজিত পুলিশ বাহিনীকে কেউ বাধা দেয় বা আক্রমণ করে, তাহলে সেটি কী বোঝায়? রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে এটি শুধু একটি অপরাধ নয়; এটি রাষ্ট্রের সার্বভৌম কর্তৃত্বের ওপর সরাসরি চ্যালেঞ্জ। কারণ রাষ্ট্রের আইন বাস্তবায়নের ক্ষমতা যদি বাধাগ্রস্ত হয়, তাহলে রাষ্ট্রের অস্তিত্বগত ভিত্তি দুর্বল হয়ে পড়ে। রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক ধারণা অনুযায়ী, রাষ্ট্র তার ভূখণ্ডের মধ্যে আইন প্রণয়ন, আইন বাস্তবায়ন এবং আইন ভঙ্গকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের একচ্ছত্র অধিকার রাখে, আর এই অধিকার বাস্তবায়নের প্রধান হাতিয়ার হলো পুলিশ ও অন্যান্য প্রশাসনিক সংস্থা।
সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার প্রাসঙ্গিকতা
সম্প্রতি বাস্তব কিছু ঘটনা এ আলোচনাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। কুমিল্লায় হাইওয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে, যেখানে উত্তেজিত জনতা রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি করেছে। একই সময়ে রাজধানীতে প্রকাশ্যে একজন ট্রাফিক পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে, যেখানে শত শত মানুষের সামনে রাষ্ট্রের একজন দায়িত্বশীল কর্মকর্তা আক্রান্ত হয়েছেন। এ দুটি ঘটনা আলাদা মনে হলেও রাষ্ট্রনৈতিক দৃষ্টিতে এদের তাৎপর্য একই ধরনের। উভয় ক্ষেত্রেই রাষ্ট্রের আইন প্রয়োগকারী বাহিনীকে বাধা দেওয়া হয়েছে এবং রাষ্ট্রীয় কর্তৃত্বকে অস্বীকার করার একটি প্রবণতা প্রকাশ পেয়েছে। যখন একটি সমাজে এ ধরনের ঘটনা ঘটে, তখন তা শুধু আইনশৃঙ্খলার সমস্যা থাকে না; বরং তা সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামোর জন্য একটি বড় সংকেত হয়ে দাঁড়ায়। কারণ রাষ্ট্রের আইন যদি বাস্তবায়িত না হয়, তাহলে ধীরে ধীরে সমাজে 'আইন না মানার সংস্কৃতি' তৈরি হয়। মানুষ ভাবতে শুরু করে যে, আইন ভাঙলেও কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নেই। এই মানসিকতা একটি রাষ্ট্রের জন্য অত্যন্ত বিপজ্জনক।
আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণের প্রভাব
বর্তমান সময়ের রাষ্ট্রীয় বাস্তবতায় পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ওপর যেভাবে আক্রমণের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, তা কেবল একটি বিচ্ছিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হিসেবে দেখার সুযোগ নেই; বরং এটি রাষ্ট্রের অভ্যন্তরীণ সার্বভৌমত্বের কাঠামোর ওপর একটি গভীর প্রশ্নচিহ্ন সৃষ্টি করছে। যখন এ আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ওপর প্রকাশ্যে আক্রমণ সংঘটিত হয়, যেমন সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ বা থানা পর্যায়ের দায়িত্ব পালনরত নিরস্ত্র সদস্যদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর বা জনসম্মুখে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটে, তখন সেটি শুধু ব্যক্তিগত অপরাধ হিসেবে সীমাবদ্ধ থাকে না; বরং রাষ্ট্রীয় কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার একটি বিপজ্জনক প্রবণতায় রূপ নেয়। বিশেষ করে যেসব রাষ্ট্রীয় ব্যক্তি বা প্রতিষ্ঠান নিরস্ত্র অবস্থায় দায়িত্ব পালন করেন, যেমন— প্রশাসনিক নির্দেশনা বাস্তবায়ন, স্থানীয় সরকারি দপ্তরের কার্যক্রম পরিচালনা, শিক্ষা ও স্বাস্থ্য প্রশাসন, ভূমি অফিস বা অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠান, তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্বের অংশ। কিন্তু যখন সমাজে এমন একটি মনোভাব তৈরি হয় যে, কোনো দাবি আদায়ের জন্য বা কোনো অনৈতিক সুবিধা অর্জনের জন্য বা কোনো পরিস্থিতিগত উত্তেজনায় যে কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে, তখন সেটি ধীরে ধীরে একটি বিপজ্জনক সামাজিক সংস্কৃতিতে পরিণত হয়, যেখানে ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের সংখ্যাগরিষ্ঠতা বা শক্তির ভিত্তিতে রাষ্ট্রীয় নিয়মনীতিকে অগ্রাহ্য করে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কার্যক্রমে বাধা সৃষ্টি করে। এ ধরনের আচরণ দীর্ঘমেয়াদে রাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করে, কারণ রাষ্ট্র যদি তার নিরস্ত্র প্রতিনিধি ও প্রতিষ্ঠানকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে আইন বাস্তবায়নের প্রতি জনগণের আস্থা হ্রাস পায় এবং শৃঙ্খলা রক্ষার ভিত্তি নড়বড়ে হয়ে যায়। তখন সমাজে একটি ভুল ধারণা প্রতিষ্ঠিত হয় যে, শক্তি বা জনসমাগমই আইন এবং রাষ্ট্রীয় আইন কেবল আনুষ্ঠানিকতা। এর ফলে অনিয়ন্ত্রিত মব-কালচার তৈরি হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়, যেখানে ছোট বা বড় যে কোনো দাবি আদায়ের জন্য সংগঠিত বা অসংগঠিত জনতা সরাসরি প্রশাসনিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বসতে পারে এবং সেই প্রক্রিয়ায় নিরস্ত্র সরকারি কর্মচারী বা পুলিশ সদস্যরা আক্রমণের শিকার হতে পারেন। এ প্রবণতা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর জন্য নয়; বরং পুরো রাষ্ট্রব্যবস্থার জন্য ভয়াবহ। কারণ এটি একদিকে প্রশাসনিক স্থিতিশীলতা নষ্ট করে, অন্যদিকে সাধারণ নাগরিকদের মধ্যেও আইনের প্রতি অবজ্ঞা তৈরি করে, যার ফলে সমাজে বিশৃঙ্খলা, ভীতি ও অনিশ্চয়তা বৃদ্ধি পায়। তাই রাষ্ট্রীয় সার্বভৌমত্বের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে হলে আইন প্রয়োগকারী সংস্থার ওপর আক্রমণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিরোধ করা, দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা এবং একই সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি, যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের ইচ্ছামতো রাষ্ট্রীয় ক্ষমতার বিকল্প হয়ে উঠতে না পারে এবং আইনই শেষ কথা হিসেবে প্রতিষ্ঠিত থাকে।
বলপ্রয়োগের বৈধতা ও পুলিশের মনোবল
রাষ্ট্রের অভ্যন্তরীণ সার্বভৌমত্ব বজায় রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— বলপ্রয়োগের বৈধতা। এই বলপ্রয়োগ কোনো ব্যক্তিগত ইচ্ছার বিষয় নয়; এটি সম্পূর্ণভাবে আইন দ্বারা নিয়ন্ত্রিত এবং সীমাবদ্ধ। পুলিশ কোনো অবস্থাতেই ইচ্ছামতো শক্তি প্রয়োগ করতে পারে না। তবে একইভাবে রাষ্ট্রের বৈধ আইন প্রয়োগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করাও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাষ্ট্র তখনই শক্তিশালী থাকে, যখন তার আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হয় এবং সেই আইন বাস্তবায়নের জন্য যথেষ্ট প্রাতিষ্ঠানিক শক্তি থাকে। পুলিশ এই শক্তির কেন্দ্রবিন্দু। তাই পুলিশের ওপর আক্রমণ মানে অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত হিসেবে বিবেচিত হয়।
আজকের বাস্তবতায় আরেকটি বড় সমস্যা হলো— 'মব কালচার' বা জনতার সমষ্টিগত সহিংসতা। কিছু পরিস্থিতিতে দেখা যায়, কোনো ঘটনা বা অভিযোগের ভিত্তিতে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা তৈরি হয়। এটি আধুনিক রাষ্ট্রব্যবস্থার সম্পূর্ণ বিপরীত একটি চর্চা। কারণ আধুনিক রাষ্ট্রে বিচার ও শাস্তি দেওয়ার একমাত্র অধিকার আদালত ও রাষ্ট্রীয় সংস্থার। যখন মব কালচার শক্তিশালী হয়, তখন রাষ্ট্রের আইনগত কাঠামো দুর্বল হয়ে পড়ে। ফলে শুধু পুলিশ নয়, অন্যান্য সরকারি প্রতিষ্ঠানও ঝুঁকির মধ্যে পড়ে। যেমন—সরকারি হাসপাতাল, প্রশাসনিক দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান— এমনকি বিচার বিভাগের কর্মীরাও নিরাপত্তাহীন হয়ে পড়তে পারেন। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো— এ ধরনের প্রবণতা নিয়ন্ত্রণ করা। এ জন্য প্রয়োজন কঠোর আইন প্রয়োগ, দ্রুত বিচারব্যবস্থা এবং সামাজিক সচেতনতা। জনগণকে বোঝাতে হবে যে, রাষ্ট্রীয় আইন ভঙ্গ করা বা আইন প্রয়োগে বাধা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো— পুলিশের মনোবল। পুলিশ সদস্যরা যদি বারবার আক্রমণের শিকার হন এবং রাষ্ট্র যদি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে তাদের কার্যক্ষমতা দুর্বল হয়ে যেতে পারে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। তাই পুলিশের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের একটি মৌলিক দায়িত্ব।
রাষ্ট্রীয় স্থিতিশীলতার তিন স্তম্ভ
একটি রাষ্ট্রের স্থিতিশীলতা নির্ভর করে তিনটি স্তম্ভের ওপর—আইন, বলপ্রয়োগ এবং জনসমর্থন। আইন হলো— কাঠামো, বলপ্রয়োগ হলো বাস্তবায়নের মাধ্যম এবং জনসমর্থন হলো সামাজিক ভিত্তি। এ তিনটি স্তম্ভের মধ্যে কোনো একটি দুর্বল হলে পুরো রাষ্ট্রীয় কাঠামো দুর্বল হয়ে পড়ে। বর্তমান পরিস্থিতিতে যে ঘটনাগুলো দেখা যাচ্ছে, তা রাষ্ট্রকে একটি সতর্ক বার্তা দিচ্ছে। রাষ্ট্রীয় কর্তৃত্ব যদি নিয়মিতভাবে চ্যালেঞ্জের মুখে পড়ে এবং যথাযথ প্রতিক্রিয়া না থাকে, তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে। এ অস্থিরতা কেবল আইনশৃঙ্খলার সমস্যা নয়, বরং রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি। তবে একই সঙ্গে এটাও সত্য যে, রাষ্ট্রের বলপ্রয়োগের ক্ষমতা কখনোই সীমাহীন নয়। এটি অবশ্যই আইন ও মানবাধিকারের মধ্যে থেকে প্রয়োগ করতে হয়। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে শক্তি ও মানবাধিকারের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপসংহার: আইনের শাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা
সবশেষে বলা যায়, রাষ্ট্রের সার্বভৌমত্ব কোনো বিমূর্ত ধারণা নয়; এটি প্রতিদিনের বাস্তবতায় পুলিশ, প্রশাসন এবং বিচারব্যবস্থার মাধ্যমে দৃশ্যমান হয়। পুলিশের ওপর আক্রমণ বা রাষ্ট্রীয় কার্যক্রমে বাধা দেওয়া শুধু আইন ভঙ্গ নয়, বরং রাষ্ট্রের অস্তিত্বগত ভিত্তির ওপর আঘাত। এই বাস্তবতায় রাষ্ট্র, প্রশাসন এবং নাগরিক সমাজ— সব পক্ষেরই দায়িত্ব হলো আইনকে সম্মান করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সহযোগিতা করা এবং সহিংসতার পরিবর্তে আইনের শাসনকে প্রতিষ্ঠিত করা। তবেই একটি স্থিতিশীল, নিরাপদ ও শক্তিশালী রাষ্ট্র গড়ে ওঠা সম্ভব।
লেখক: ড. মো. রুহুল আমিন সরকার, অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার, সিআইডি, ঢাকা বাংলাদেশ পুলিশ



