ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বসতবাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার দেউলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সন্ত্রাসীরা বাড়ির প্রাচীর ভেঙে ঘরে ঢুকে মালামাল লুট করে এবং পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
জমি নিয়ে দ্বন্দ্ব ও প্রতারণার অভিযোগ
ভুক্তভোগী আনোয়ার হোসেন দীর্ঘদিন শারীরিক ও মানসিক অসুস্থ থাকার সুযোগে তার দ্বিতীয় সন্তান জামাল হোসেন প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে বাবাকে জমি বণ্টনের কথা বলে বোরহানউদ্দিন উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে গোপনে নিজের নামে ১২ শতাংশ জমি হেবা ঘোষণাপত্র দলিল রেজিস্ট্রি করে নেয় বলে অভিযোগ। পরে আনোয়ার হোসেন ওই জমিতে প্রাচীর তুলতে গেলে জামাল বাধা সৃষ্টি করে এবং দলিল দেখায়। জমি ফেরত চাইলে জামাল হুমকি ও শারীরিক নির্যাতন চালায় বলে জানান আনোয়ার হোসেন।
আদালতে মামলা ও হামলা
এলাকার গণ্যমান্যদের কাছে বিচার না পেয়ে আনোয়ার হোসেন জামালের বিরুদ্ধে প্রতারণা করে জমি হেবা দলিল করার অভিযোগে দলিল বাতিল চেয়ে আদালতে মামলা করেন (দেওয়ানি মামলা নং ০৬/২৬)। এর জেরে শুক্রবার বেলা ১০টার দিকে জামাল একদল সন্ত্রাসী নিয়ে হঠাৎ বাড়িতে হামলা চালিয়ে প্রাচীর ভেঙে বসতঘরে ঢুকে মালামাল লুট করে। এ সময় বাবা-মা বাধা দিলে জামাল বলে, 'আদালতে জমিজমা নিয়ে আমার বিরুদ্ধে মামলা করেছো, আদালত আমার হাতের তালুতে' বলে তাদের ওপরও হামলা চালায়। এতে আনোয়ার হোসেনের স্ত্রী রোকেয়া বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। পরে আনোয়ার হোসেন বাদি হয়ে ওই দিন বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের করেন (মামলা নং ৬)।
হুমকি ও পুলিশি ব্যবস্থা
মামলা দায়েরের পর থেকে জামাল ও তার সহযোগীরা বাদি পরিবারকে মামলা তুলে নিতে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছে বলে অভিযোগ। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, ঘটনায় আনোয়ার হোসেন বাদি হয়ে এজাহার দায়ের করেছেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



