জনগণের আস্থা পূরণে জবাবদিহিমূলক শাসন জরুরি: স্পিকার
জনগণের আস্থা পূরণে জবাবদিহিমূলক শাসন জরুরি

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে জনগণের আস্থা পূরণে সংসদ সদস্যরা জনপ্রতিনিধিত্ব করেন। তিনি বলেন, সংসদের গুরুত্বপূর্ণ তিনটি দায়িত্ব—আইন প্রণয়ন, বাজেট অনুমোদন ও নির্বাহী বিভাগকে জবাবদিহিমূলক অন্তর্ভুক্তির আওতায় এনে সংসদ সদস্যদের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করা।

বুধবার (৩ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে সংসদ সদস্যদের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

কার্যপ্রণালি বিধি দায়িত্ব বাস্তবায়নের হাতিয়ার

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, কার্যপ্রণালি বিধি কেবল প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়; এটি দায়িত্ব বাস্তবায়নের হাতিয়ার। প্রস্তাব উত্থাপন ও বিল পর্যালোচনার ক্ষেত্রে সঠিক ধারণা থাকার জন্য কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্পিকার বলেন, সংসদ কেবল রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় না; গঠনমূলক বিরোধী দল ও সরকারি দলের সমান দক্ষতায় কার্যপ্রণালি বিধিতে অংশগ্রহণ নিশ্চিত করে জনসম্পৃক্ততা ও আইন প্রণয়ন প্রক্রিয়া পরিচালিত হয়।

সংসদীয় প্রতিষ্ঠান শক্তিশালীকরণে ইউএনডিপি ও সুইজারল্যান্ডের ভূমিকা

সংসদীয় প্রতিষ্ঠান শক্তিশালীকরণে ইউএনডিপি এবং সুইজারল্যান্ডের স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস) প্রোগ্রাম সংসদ সদস্যদের কার্যকর অংশগ্রহণ ও জবাবদিহির মাধ্যমে জনপ্রত্যাশা পূরণ করে যাচ্ছে বলে স্পিকার উল্লেখ করেন।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, জনগণের প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়েই সংসদ সদস্যরা কর্মভার গ্রহণ করেছেন। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি তাঁদের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করেছে এবং এ দায়িত্ব পালনে তাঁরা জনগণের প্রতি দায়বদ্ধ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিরোধীদলীয় নেতার বক্তব্য

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, জনগণের করের টাকায় সংসদ পরিচালিত হয়। সুশাসন, অর্থনৈতিক সংস্কার ও সর্বোপরি টেকসই গণতন্ত্র কীভাবে নিশ্চিত করা যায়, এ লক্ষ্যে সংসদ পরিচালিত হবে।

উন্নয়নের জন্য একজন সংসদ সদস্যকে নিজ নির্বাচনী এলাকার জনগণের সমস্যা শুনতে হয় এবং সেগুলোর সমাধানে কাজ করতে হয় বলে উল্লেখ করেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, একই সঙ্গে সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং সরকারকে জবাবদিহির আওতায় আনতেও সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়।

এসব দায়িত্ব যথাযথভাবে পালন করতে হলে সংসদকে কার্যকর করতে হবে এবং কার্যকর সংসদ পরিচালনার জন্য সংসদীয় রীতিনীতি ও কার্যপ্রণালি বিধি সম্পর্কে সম্যক ধারণা থাকা আবশ্যক।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়া, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি।