লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সাড়ে ৭ বছরের এক কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তালেব মিয়া নামের এক ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার বিবরণ
ঈদের পরদিন শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শিশুটি বড়খাতা বাজারে তার নরসুন্দর দাদার দোকানে আসে। সেখান থেকে দাদার কাছ থেকে ২০ টাকা নিয়ে বড়খাতা চৌরঙ্গী মোড়ে গিয়ে ওই ভ্যানচালককে বাড়ি পৌঁছে দিতে বলে। ভ্যানচালক তাকে ভ্যানে তুলে নিয়ে একটি গ্যারেজে নিয়ে যায় এবং সেখানে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়।
উদ্ধার ও চিকিৎসা
পরে শিশুটির কান্নাকাটি শুনে অপর এক ভ্যানচালক তাকে বাড়ি পৌঁছে দেয়। ঘটনার পরদিন প্রথমে শিশুটিকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
মামলা ও গ্রেফতার
গত সোমবার শিশুটির দাদা বাদী হয়ে অজ্ঞাত ভ্যানচালককে আসামি করে হাতীবান্ধা থানায় মামলা দায়ের করেন। ওই রাতেই সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্ত ভ্যানচালক তালেব মিয়াকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। তালেব মিয়া উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া (ময়দান) এলাকার শিয়ার শেখের ছেলে।
পুলিশের বক্তব্য
হাতীবান্ধা থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা সঞ্জয় কুমার পাল বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তদন্ত শেষে ভ্যানচালককে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।



