গফরগাঁওয়ে গাছের সঙ্গে বাঁধা যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে গাছের সঙ্গে বাঁধা যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের (৩০) দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টার দিকে উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের দড়ি চারবাড়িয়া গ্রামের শাহাকান্দা ভিটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণ

তার পরনে প্যান্ট ছিল, তবে গায়ে কোনও জামা ছিল না এবং বুকে কোপের চিহ্ন ছিল। মরদেহের পায়ের কাছেই বিচ্ছিন্ন মাথা পড়ে ছিল। এখনও নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, সকাল ৯টার দিকে মশাখালী ইউনিয়নের দড়ি চারবাড়িয়া গ্রামের শাহাকান্দা ভিটা এলাকায় ওই মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। ১০টার দিকে খবর পেয়ে পাগলা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। কোথাও থেকে ধরে এনে গাছের সঙ্গে বেঁধে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘সকালে স্থানীয় এক যুবক শাহাকান্দা ভিটা এলাকার জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মরদেহটি দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর হবে। তার পরনে ছিল প্যান্ট এবং বাম হাতে একটি ঘড়ি ছিল। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাজ করছে। পরিচয় শনাক্ত হওয়ার পর কারা কী কারণে ঘটনাটি ঘটিয়েছে, তা তদন্ত করে বের করা হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ