স্বাধীন বিচার বিভাগ বিএনপিসহ ফ্যাসিবাদ বিরোধী সব দলের চাহিদা ছিল জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও আইনজীবী শিশির মনির বলেছেন, কিন্তু সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এ চাহিদার অপমৃত্যু ঘটিয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য
বৃহস্পতিবার (২১ মে) সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার প্রতিবাদে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, জুলাই সনদে স্বাধীন বিচার বিভাগ নিশ্চিতের কথা বলে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা জাতির সঙ্গে বিশ্বাস ভঙ্গের সামিল।
সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ
বিচারক এবং বিচারকাজকে নিয়ন্ত্রণের সূক্ষ্ম উদ্দেশ্যে সরকার এটি করেছে বলে মনে করে জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, ফ্যাসিবাদের নতুন খেলা খেলছে সরকার। বিচার বিভাগকে হস্তগত করতে বিগত সরকার যে উদাহরণ তৈরি করেছিল, বর্তমান সরকারও সেটির পুনরাবৃত্তি করছে।
জামায়াতের এই বক্তব্যে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আইনজীবী ও মানবাধিকার কর্মীদের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা দেখা দিয়েছে।



