অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
রিট দায়েরের প্রেক্ষাপট
গত ১৭ মে অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট করা হয়। আইনজীবী এম কে রহমান রিট দায়েরের বিষয়ে বলেন, ১৮ মাসের কর্মকাণ্ড তদন্ত চেয়ে রিট করা হয়েছে। তাদের অভিযোগ, ওই সময়ে দেশের সর্বক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, অর্থনীতি ও স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে। তিনি আরও বলেন, কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টের আওতায় একটি তদন্ত কমিশন গঠন করা বাঞ্ছনীয়, যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকেও উৎখাত করা সম্ভব না হয়।
আইনজীবী মহসিন রশিদ বলেন, যা কিছু ঘটেছে তার তদন্ত চেয়েছি। তদন্ত কীভাবে হবে, সেটা সরকার ঠিক করবে। অ্যাটর্নি জেনারেল বলেছেন, তিনি একটু জেনে আসবেন। অর্থাৎ তিনি (সরকার) নির্দেশনা নেবেন। আমরাও চাই, তিনি নির্দেশনা নিয়ে আসুন।
উল্লেখ্য, রিটটি খারিজ হওয়ায় এখন আর এই বিষয়ে কোনো আইনি পদক্ষেপ গ্রহণের সুযোগ নেই।



