২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলার চার্জ শুনানির জন্য বৃহস্পতিবার (২১ মে) কারাবন্দী সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আদালতে হাজির করা হয়েছে। জানা যায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে প্রিজনভ্যানে আদালত প্রাঙ্গণে আনা হয় পলককে। পরে আদালতের হাজতখানায় নেওয়া হয় তাকে।
শুনানি অনুষ্ঠিত
ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ আজ এই মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানি হওয়ার কথা বলে আদালত সূত্রে জানা যায়। এ মামলার অভিযোগপত্রে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলকসহ ৩৪ জন অভিযুক্ত করা হয়েছে। আসামিদের মধ্যে পলকসহ চার আসামি কারাগারে আটক আছেন।
অন্যান্য আসামি
অন্য আসামিদের মধ্যে আছেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
ঘটনার বিবরণ
এর আগে, ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে মালবাহী ট্রাকের চালক হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। একইসঙ্গে এসময় সাজ্জাদ ও শাহিন নামের দুই ব্যক্তি আহত হন। হোসেনের মৃত্যুর ঘটনায় একই বছরের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা হয়।
অভিযোগপত্র দাখিল
পরে তদন্ত শেষে গত বছরের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আকরামুজ্জামান আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে ৩৪ জনকে আসামি করা হয়।



