১০ বছর আগে ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে হত্যার দায়ে আসামি রেজাউল করিম মাদবরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ মে) ঢাকার সপ্তম অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল্লাহ আল মাসুদ এ রায় দেন।
রায়ের বিবরণ
রাষ্ট্রপক্ষের আইনজীবী জিয়াউল হক জিয়া বলেন, দণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। আসামি জামিন নিয়ে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
মামলার ঘটনা
মামলার বিবরণ থেকে জানা গেছে, আট বছরের এক মেয়েকে নিয়ে আশুলিয়ার জিরাবো এলাকায় থাকতো রেজাউল এবং তার স্ত্রী সিমা আক্তার। সিমা গার্মেন্টসে চাকরি করতেন। তবে রেজাউল কোনও কাজ করতো না। কাজের কথা বললে সিমাকে মারধর করতো। ২০১৬ সালের ২৪ এপ্রিল ভোর ৫টার দিকে এ বিষয় নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়। পরে সিমাকে মাথায় আঘাত ও জবাই করে হত্যা করে রেজাউল। পালানোর সময় বাড়ির মালিক তাকে ধরে পুলিশে সোপর্দ করে।
মামলা প্রক্রিয়া
এ ঘটনায় সিমার বাবা জাহিদুল ইসলাম ওই দিনই আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় রেজাউল। মামলাটি তদন্ত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক ওই বছরের ৩১ অগাস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০১৭ সালের ১১ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন। রেজাউল পলাতক থাকায় আত্মপক্ষ শুনানি করতে পারেনি। মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ রায় হলো।



