বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করেছে এবং বিচার বিভাগকে কার্যত আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বুধবার (২১ মে) বিকেলে কুমিল্লার লালমাই উপজেলার বাগমায়ায় এনসিপির পদযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ সরকার
সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সাধারণ মানুষ যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে রাজপথে নেমেছিল, সেই আকাঙ্ক্ষা এখনও জনগণের মনে রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে জনগণের ত্যাগ ও রক্তের বিনিময়ে গঠিত সরকার বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করে একে আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে নিয়েছে। একই সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাবের আওতায় আনা হচ্ছে।
শিক্ষাব্যবস্থায় রাজনৈতিক প্রভাব
বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোতে মেধার চেয়ে রাজনৈতিক বিবেচনা বেশি গুরুত্ব পাচ্ছে এবং যোগ্য ও মেধাবীদের উপেক্ষা করে দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে, যা শিক্ষাব্যবস্থার জন্য অশনিসংকেত। তিনি আরও বলেন, যেকোনো গণআন্দোলনের সূচনা ছোট পরিসর থেকেই হয়। এনসিপিও ছোট পরিসরে যাত্রা শুরু করেছিল এবং আজ জনগণের সমর্থনে জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান তৈরি করেছে।
আগামী নির্বাচনের প্রস্তুতি
আগামী নির্বাচনে জনগণের প্রত্যাশাকে সামনে রেখেই রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করা হবে। মানুষের অধিকার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যয় নিয়েই এনসিপি মাঠে নেমেছে। কুমিল্লার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা হবে।
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ
লালমাই উপজেলা বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা রিফাত রশিদ, কুমিল্লা জেলার তত্ত্বাবধায়ক নাবিদ নওরোজ শাহ, লালমাই উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী কবির হোসাইন রুমন ও জাহিদুল ইসলাম ফারাবীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



