চব্বিশের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন-কেন্দ্রীক মোহাম্মদপুর থানার রাকিব হাসান হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।
আদালতের রায়
মঙ্গলবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ শুনানি নিয়ে জামিনের আবেদন নামঞ্জুরের আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতে বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এই তথ্য নিশ্চিত করেন। সাবেক মেয়র আতিকুল ইসলামের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী মো. সোহাগ হাসান।
মামলার বিবরণ
মামলার অভিযোগে বলা হয়, গত ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের আইটি জেড স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রাকিব হাসান সেন্ট জোসেফ স্কুলের সামনে গুলিবিদ্ধ হয়। পরে তাকে চিকিৎসার জন্য শেরে বাংলা নগর নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।
মামলার পরবর্তী পদক্ষেপ
ওই ঘটনায় গত ২২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৭ জনের বিরুদ্ধে মামলা করেন নিহত রাকিবের চাচা মো. নুরুল আমিন। এই মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এজাহারভুক্ত ৯ নম্বর আসামি।



