সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজে এক শিক্ষার্থীর পায়ে গুলি করার ঘটনায় প্রভাষক ডা. রায়হান শরীফকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৮ মে) দুপুরে সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এবং জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত রায়হান শরীফ ওই মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক। আদালতের সরকারি আইনজীবী (পিপি) রফিক সরকার বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার পর স্বাস্থ্য বিভাগ তাকে সাময়িক বরখাস্ত করে। ভুক্তভোগী আরাফাত আমিন তমাল (২২) ওই মেডিক্যাল কলেজের শিক্ষার্থী এবং বগুড়ার ধুনট উপজেলার ধামাচাপা গ্রামের বাসিন্দা।
ঘটনার বিবরণ
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ মার্চ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের (বর্তমানে সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ) একাডেমিক ভবনে পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখাতে অস্ত্র নিয়ে কক্ষে প্রবেশ করেন রায়হান শরীফ। একপর্যায়ে তার হাতে থাকা ব্যাগ থেকে পিস্তল বের করে শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করেন। গুলিটি তমালের ডান পায়ে লাগে।
ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রায়হানকে কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন, বিদেশি ছোরা, চাকুসহ তাকে আটক করে। এ ঘটনায় সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ওয়াদুদ আলী এবং আহত শিক্ষার্থীর বাবা পৃথক দুটি মামলা করেন।
আদালতের রায়
বিচারক ইকবাল হোসেন দণ্ডপ্রাপ্ত রায়হান শরীফকে ২১ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন ভুক্তভোগী ও তার পরিবার। রায়হান শরীফ সিরাজগঞ্জ শহরের দত্তবাড়ী মহল্লার বাসিন্দা।



