গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে একদল শিক্ষার্থীর চলমান আন্দোলন সোমবার ৫ম দিনে ব্লকেড কর্মসূচি চলছে। সকাল থেকে ডুয়েট ক্যাম্পাসে অবস্থান নিয়ে মুহুর্মুহু মিছিল করে আন্দোলনকারীরা। মিছিলে তারা স্লোগান দেয়, 'দাবি মোদের একটাই, ডুয়েট থেকে ভিসি চাই'।
নতুন উপাচার্য নিয়োগ ও প্রতিক্রিয়া
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে গত বৃহস্পতিবার সরকার ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকেই শিক্ষার্থীদের একটি অংশ এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনে নামে। তাদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকনেতাও ডুয়েটের জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছেন।
আন্দোলনের ধারাবাহিকতা ও সংঘর্ষ
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় শুরু হওয়া আন্দোলনের ধারাবাহিকতায় রোববার সকাল ৮টা থেকে শিক্ষার্থীদের একটি অংশ লাল কার্ড কর্মসূচি নিয়ে ক্যাম্পাসে অবস্থান করে বিক্ষোভ শুরু করে। নতুন উপাচার্য ক্যাম্পাসে যোগদান করতে পারেন—এমন খবর ছড়িয়ে পড়লে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় এবং ছাত্রদলকে উদ্দেশ্য করে অশালীন স্লোগান দিতে থাকে। সকাল ১০টার দিকে নবনিযুক্ত উপাচার্যের পক্ষে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের জন্য গেট খোলার চেষ্টা করে। এসময় আন্দোলনকারীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের যুক্তি
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় ভিন্ন। তাই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে অভ্যন্তরীণ যোগ্য ও জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া উচিত ছিল।
আহতের সংখ্যা
ডুয়েটে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গত পাঁচদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছে। রোববার তা সংঘর্ষে রূপ নেয়। এতে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার তাহেরুল হক চৌহান, ঊর্ধ্বতন তিন পুলিশ কর্মকর্তাসহ আট পুলিশ সদস্য, গাজীপুর সদর উপজেলার ইউএনও সাজ্জাত হোসেন ও দৈনিক দিনকালের গাজীপুরের স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেনসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।



