গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ভাইস চ্যান্সেলর নিয়োগকে কেন্দ্র করে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশসহ ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার (১৭ মে) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ সংঘর্ষ হয়।
পটভূমি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এই নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একটি পক্ষ। বৃহস্পতিবার রাত থেকে তারা বিক্ষোভ করে আসছিল।
সংঘর্ষের বিবরণ
রোববার সকালে পূর্বঘোষিত 'নবনিযুক্ত ভিসিকে লাল কার্ড' কর্মসূচির ব্যানারে বিক্ষোভের ডাক দেয় শিক্ষার্থীরা। সকালে শিক্ষার্থীরা শহীদ মিনারে জড়ো হলে শুরু হয় পুলিশ-ছাত্রদের মধ্যে সংঘর্ষ। এতে ইট-পাটকেলের আঘাতে পাঁচ পুলিশ সদস্যসহ ২০ জন আহত হন। দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সমস্যা সমাধানে পুলিশ, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৈঠকে বসে।
শিক্ষার্থীদের দাবি
শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের ভিসি ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ দিতে হবে। তাদের মতে, ডুয়েটের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, একাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক বেশি। ফলে ডুয়েটের উন্নয়ন ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ অধিক কার্যকর হবে।
আহতের সংখ্যা
একাধিক ভিডিওতে দেখা গেছে, সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীরা বলছেন, বহিরাগতরা এসে হামলা করেছে। এতে তাদের ১০ শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে রয়েছি। ইটপাটকেলের আঘাতে আমাদের পাঁচ সদস্য আহত হয়েছেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।



