সাতক্ষীরা সদরের ভোমরায় তাছলিমা খাতুন (৩৫) নামে এক অন্তঃসত্ত্বা নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শনিবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে লক্ষীদাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর থেকে স্বামী সাদ্দাম হোসেন পলাতক রয়েছেন।
পারিবারিক পটভূমি
পুলিশ সূত্রে জানা গেছে, তাসলিমা খাতুনের সাথে সাদ্দাম হোসেনের বিয়ে হয়েছিল ১৬ বছর আগে। তাদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। তাছলিমা চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
ঘটনার বিবরণ
নিহতের বড় মেয়ে জানায়, তার বাবা সাদ্দাম হোসেন নেশাগ্রস্ত ছিলেন। নেশা করে প্রায়ই মায়ের সঙ্গে ঝগড়া করতেন। শনিবার রাতে দুই সন্তান তাদের দাদির সঙ্গে ঘুমিয়ে ছিল। মায়ের গোঙ্গানোর শব্দ শুনে তারা মায়ের রুমে গেলে গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে। প্রতিবেশীরা দ্রুত এসে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের প্রতিক্রিয়া
নিহতের বাবা নুরুজ্জামান বলেন, বিয়ের পর থেকে আমার মেয়ের ওপর শারীরিক নির্যাতন করতো। নেশার টাকা জোগাড় করতে না পারলে আমার মেয়ের ওপর নির্যাতন চলতো। এভাবে মেয়েকে হত্যা করবে আমি ভাবতে পারিনি। আমি এই পাষণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
পুলিশের কার্যক্রম
সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। ঘাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।



