পরিচয় পাল্টে ২৫ বছর পালিয়েও শেষ রক্ষা হয়নি, ভাই-বোন গ্রেফতার
পরিচয় পাল্টে ২৫ বছর পালিয়েও শেষ রক্ষা হয়নি, ভাই-বোন গ্রেফতার

বরিশালের মেহেন্দীগঞ্জে একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই ভাই-বোন প্রায় ২৫ বছর পলাতক থাকার পর শেষ পর্যন্ত গ্রেফতার হয়েছেন। তাদের নাম জসিম উদ্দীন (৪৬) ও আসমা বেগম (৪৪)। তারা দীর্ঘদিন ধরে পরিচয় পাল্টে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন। বুধবার (১৩ মে) বিকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করে কাজীরহাট থানা পুলিশ।

গ্রেফতার ও মামলার বিবরণ

কাজীরহাট থানার ওসি মো. সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতার জসিম উদ্দীন ও আসমা বেগম উপজেলার কাজীরহাট থানার আজিমপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে ও মেয়ে। ২০০১ সালের একটি হত্যা মামলায় আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল বলে পুলিশ জানায়।

কাজীরহাট থানা পুলিশ জানায়, আজিমপুর এলাকায় একটি হত্যার ঘটনায় ২০০১ সালে মেহেন্দীগঞ্জ থানায় মামলা হয়। মামলার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। ওই মামলায় আদালত জসিম উদ্দিন ও আসমা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া তাদের ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। মামলার পর আসামিরা আদালতে হাজির না হওয়ায় এবং দণ্ডের পর আত্মসমর্পণ না করায় আদালত তাদের বিরুদ্ধে কয়েকবার গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রেফতার অভিযান

কাজীরহাট থানার সহকারী উপ-পরিদর্শক মহিউদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে। পরে বুধবার বিকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এএসআই মহিউদ্দীন জানান, হত্যা ও মামলার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। তারা পরিচয় পাল্টে দীর্ঘ ২৫ বছর ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন। তাদের অবস্থান শনাক্ত এবং পরিচয় নিশ্চিত হওয়ার পরেই কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ওসি মো. সিদ্দিকুর রহমান জানান, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই ভাই-বোনকে গ্রেফতার করা হয়েছে এবং বৃহস্পতিবার তাদের দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ