রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সীমান্তবর্তী জ্যোতিন বোদ্যিরপাড়া এলাকায় মাটিতে পুঁতে রাখা মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার উজানচর ইউনিয়ন থেকে স্থানীয় লোকজনের সহায়তায় লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতদের পরিচয়
নিহত দুজন হলেন উপজেলার দৌলতদিয়া পরশউল্লাহ পাড়া এলাকার আমজাদ শেখের স্ত্রী জাহানারা আক্তার (৩২) ও তাঁদের চার বছর বয়সী মেয়ে সামিয়া আক্তার। তারা ৪ মে চর দৌলতদিয়া হাট এলাকার এক আত্মীয়ের বাড়িতে কুলখানি অনুষ্ঠানে গিয়েছিলেন। এর পর থেকে তাঁরা নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন স্বামী আমজাদ শেখ।
ঘটনার বিবরণ
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরের দিকে গোয়ালন্দ উপজেলার শেষ সীমানা উজানচর ইউনিয়নের জ্যোতিন বোদ্যিরপাড়ার কালিতলা গ্রামে স্থানীয় হাকিম উল্লাহর পুকুরের পাড় থেকে দুর্গন্ধ আসায় মাঠে কাজ করা কয়েকজন কৃষক এগিয়ে যান। তাঁরা পুকুরপাড়ের মাটিতে পুঁতে রাখা মানুষের একটি পা বের হওয়া অবস্থায় দেখতে পান। বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার পুলিশকে জানালে থানার পরিদর্শক (ওসি, তদন্ত) রাশিদুল ইসলাম পুলিশের একটি দল নিয়ে বিকেল চারটার দিকে ঘটনাস্থলে যান। এ সময় মাটি খুঁড়ে প্রথমে মেয়ে এবং পরে মায়ের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়দের বক্তব্য
উজানচর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য খবির হোসেন বলেন, উজানচর ইউনিয়নের জ্যোতিন বোদ্যিরপাড়া এলাকার ওপাশে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের আনছারডাঙ্গী গ্রাম। পুকুরটি আনছারডাঙ্গী গ্রামের জনৈক হাকিম উল্লাহর। পুকুরের পাশে মাঠে কাজ করার সময় দুর্গন্ধ পেয়ে উৎস খুঁজতে গিয়ে কৃষকেরা লাশ দেখতে পান। পরে গোয়ালন্দ ঘাট থানার পুলিশকে খবর দিলে তাদের উপস্থিতিতে মাটি খুঁড়ে লাশ দুটি উদ্ধার করা হয়।
পুলিশের বক্তব্য
ঘটনাস্থলে থাকা পুলিশের পরিদর্শক রাশিদুল ইসলাম বলেন, স্থানীয় লোকজনের সহযোগিতায় মাটি খুঁড়ে প্রথমে শিশুটির ও পরে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে বিকেল সাড়ে চারটার দিকে ফরিদপুরের কোতোয়ালি থানার পুলিশও ঘটনাস্থলে এসেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, সীমানাটি ফরিদপুরের মধ্যে পড়েছে। এ বিষয়ে রাজবাড়ী ও ফরিদপুর থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসছেন। তাঁরা আসার পর লাশ কোন থানা নেবে, সিদ্ধান্ত হবে।



