সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জাতীয় সংসদে জানিয়েছেন, পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩ সংশোধন করে শাস্তির মেয়াদ, জরিমানা ও কারাদণ্ডের বিধান পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ রোববার সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের জামায়াতের সংসদ সদস্য নাজমুন নাহারের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
আইন সংশোধনের উদ্যোগ ও শাস্তির বিধান
মন্ত্রী বলেন, স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধিত আইনে শাস্তির মেয়াদ, জরিমানা ও কারাদণ্ডের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে। এর আগে সকাল সাড়ে ১০টায় স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
সামাজিক নিরাপত্তা ভাতা বিতরণে অনিয়মের অভিযোগ
একই সঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বিতরণে অতীতের রাজনৈতিক বিবেচনা ও অনিয়মের অভিযোগের কথা উল্লেখ করে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী বলেন, বিগত বছরগুলোয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা প্রদানে রাজনৈতিক বিবেচনা ও অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছে। ইতোমধ্যে প্রকৃত দুস্থ, অসচ্ছল ও যোগ্য ব্যক্তিদের তালিকাভুক্ত এবং ভুয়া বা অযোগ্য সুবিধাভোগীদের বাদ দিতে দেশব্যাপী শুদ্ধি অভিযান শুরু হয়েছে। এ লক্ষ্যে গত ১৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে ভাতার তালিকা পুনর্যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
উপকারভোগী ও ভাতা বাড়ানোর প্রস্তাব
ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মানুষের গড় আয়ু বৃদ্ধির ফলে দেশে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে ৬১ লাখ প্রবীণ মাসে ৬৫০ টাকা করে ভাতা পাচ্ছেন, যার জন্য বরাদ্দ রয়েছে ৪ হাজার ৭৯১ কোটি ৩১ লাখ টাকা। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরে উপকারভোগীর সংখ্যা বাড়িয়ে ৬২ লাখ করা এবং মাসিক ভাতা ৭০০ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। এ খাতে প্রস্তাবিত বরাদ্দ ৫ হাজার ২৩৯ কোটি ২৫ লাখ টাকা।
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী অর্থবছরে ৩০ লাখ বিধবা ও স্বামী-নিগৃহীতা নারীকে মাসে ৭০০ টাকা করে ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ জন্য ২ হাজার ৫৩৫ কোটি ১২ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। চলতি অর্থবছরে ২৯ লাখ উপকারভোগী মাসে ৬৫০ টাকা করে ভাতা পাচ্ছেন।
মন্ত্রী আরও জানান, আগামী অর্থবছরে ৩৮ লাখ প্রতিবন্ধী ব্যক্তিকে ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাদের মাসিক ভাতা ৯০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। এ খাতে মোট ৪ হাজার ৫৮৭ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে।
ফ্যামিলি কার্ড বিতরণ
স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী বলেন, দেশের ৪৪টি জেলার ৫৫টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও সিটি করপোরেশন এলাকায় পাইলট প্রকল্পের আওতায় তিন ধাপে ৫৬টি ইউনিটে ৬৯ হাজার ৩৮৭টি নারী-প্রধান পরিবারের নামে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হয়েছে। মাঠপর্যায়ের তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। ফলে সুবিধাভোগীর সংখ্যা আরও বাড়বে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি
এ দিকে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বর্তমানে কমিশনিং ও স্টার্ট-আপ পর্যায়ে রয়েছে, যা বিদ্যুৎ উৎপাদন শুরুর আগের সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। মন্ত্রী বলেন, চলতি বছরের আগস্টের শেষ নাগাদ প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে প্রথমবারের মতো দেশের জাতীয় গ্রিডে পারমাণবিক শক্তি থেকে উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হবে, যা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহারে নতুন অধ্যায়ের সূচনা করবে।



