শেরপুর সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টায় ৯ বাংলাদেশি আটক, ৪ শিশু
শেরপুর সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টায় ৯ বাংলাদেশি আটক

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে চারজন শিশু রয়েছে।

কখন ও কোথায় আটক করা হয়

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার কর্ণঝোড়া বিওপির একটি টহলদল হারিয়াকোনা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে। পরে রাত ৯টার দিকে আটকদের শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়। বিজিবির কঠোর নজরদারির কারণে বুধবার রাতে তারা সীমান্ত অতিক্রম করতে পারেনি।

আটকদের পরিচয়

আটকরা হলেন- ভোলার মনপুরা উপজেলার আন্ধিরপাড়া গ্রামের আপন জল দাস (৩০), নোয়াখালীর হাতিয়া উপজেলার আঠারবেকি গ্রামের নয়ন তারা (২৫), চর আমানউল্লাহ গ্রামের বিজয় হরি জল দাস (৪৬), লম্বরিয়া গ্রামের সুলক্ষী (৪২) এবং লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী গ্রামের বীনা দাস (৩১)। তাদের সঙ্গে থাকা চার শিশুকেও আটক করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মানবপাচারকারী চক্রের সঙ্গে যোগসাজশ

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, স্থানীয় মানবপাচারকারী চক্রের সদস্য সুমন মিয়া, সাজু, আজিবর ও কালু মিয়ার সঙ্গে ৪০ হাজার টাকার বিনিময়ে ভারতে নেওয়ার চুক্তি করেন তারা। সেই অনুযায়ী বুধবার রাতে তারা ঢাকা থেকে শেরপুরের শ্রীবরদীতে আসেন। পরে তারা আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৯৫-এর প্রায় ১৫০ গজ অভ্যন্তরে হারিয়াকোনা পাহাড়ি এলাকার জঙ্গলে অবস্থান নেন।

পরিকল্পনা ব্যর্থ ও আইনানুগ ব্যবস্থা

বৃহস্পতিবার রাতে ভারতে প্রবেশের পরিকল্পনা থাকলেও তার আগেই গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির টহলদল অভিযান চালিয়ে তাদের আটক করে। এ বিষয়ে শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, “আটক ৯ জনের মধ্যে চার জন শিশু রয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।” তিনি আরও জানান, এ ঘটনায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন এবং পাসপোর্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ