গ্রেফতার ও জব্দ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পোস্টার জব্দ করা হয়। শুক্রবার (২৬ জুন) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক এলাকার ইউলুপের ডান পাশে পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানের নেতৃত্ব
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসাইনের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এসআই মো. শাহ আলম ও এসআই মো. তারেক সুমনের একটি দল এই যৌথ অভিযান পরিচালনা করে মিছিলকারীদের হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের পরিচয়
পুলিশ জানায়, গ্রেফতাররকৃতরা জিজ্ঞাসাবাদে নিজেদের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৬ জন প্রাপ্তবয়স্ক এবং ৬ জন আইনের সহিত সংঘাতে জড়িত শিশু (কিশোর)। প্রাপ্তবয়স্ক ৬ জন হলেন— ১. মোঃ আবির হোসেন (২০), ২. সোহাগ (১৯), ৩. অনিক সরকার (১৯), ৪. মোঃ সাব্বির হোসেন (২০), ৫. মোঃ সোহেল (১৯) ও ৬. ওয়ালিদ (১৯)। আইনের সহিত সংঘাতে জড়িত ৬ শিশু (কিশোর) হলো— ৭. মোঃ মাহফুজ আলম (১৭), ৮. তাওহীদ ইসলাম (১৭), ৯. মোঃ রিয়াদ (১৬), ১০. ইমতিয়াজ আহম্মেদ ইমন (১৬), ১১. তন্ময় (১৬), ১২. মেহেদী হাসান আবিদ (১৫)।
মামলা ও আইনি প্রক্রিয়া
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় গ্রেফতারকৃত ১২ জনসহ এজাহারনামীয় মোট ৪০ জন নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় ‘সন্ত্রাস বিরোধী আইন’-এ একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের ইতোমধ্যে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



