বিএসসিপিএলসির দুটি বিশেষ প্রণোদনা প্যাকেজ: ইন্টারনেট ব্যান্ডউইডথ সাশ্রয়ী হবে
বিএসসিপিএলসির প্রণোদনা প্যাকেজ: ইন্টারনেট ব্যান্ডউইডথ সাশ্রয়ী

বিএসসিপিএলসির দুটি বিশেষ প্রণোদনা প্যাকেজ: ইন্টারনেট ব্যান্ডউইডথ সাশ্রয়ী হবে

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী 'সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট' বাস্তবায়ন নিশ্চিত করতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) দুটি বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এই নতুন উদ্যোগের ফলে আইএসপি, আইআইজি এবং অন্যান্য টেলিযোগাযোগ অপারেটররা কম খরচে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ ব্যবহারের সুযোগ পাবেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রথম প্যাকেজ: নতুন ক্যাপাসিটি ক্রয়ে বোনাস সুবিধা

প্রথম প্যাকেজের আওতায় এসইএ-এমই-ডব্লিউই ৪ সাবমেরিন কেবল সিস্টেমের কক্সবাজার–সিঙ্গাপুর (টুয়াস) রুটে নতুন আইপিএলসি ক্যাপাসিটি ক্রয়ের ক্ষেত্রে বিশেষ বোনাস সুবিধা প্রদান করা হবে। এক্ষেত্রে কোনও প্রিপেইড গ্রাহক যদি ২০০জি নতুন ক্যাপাসিটি ক্রয় করেন, তবে তাকে অতিরিক্ত ১০০জি ক্যাপাসিটি বিনামূল্যে দেওয়া হবে। একইভাবে ১০জি নতুন ক্যাপাসিটি ক্রয়ের ক্ষেত্রে প্রতিটি ১০জি’র বিপরীতে আরও একটি ১০জি ক্যাপাসিটি বোনাস হিসেবে প্রদান করা হবে।

যেসব গ্রাহকদের বকেয়া রয়েছে, তারা যদি ২০২৬ সালের মধ্যে বকেয়া পরিশোধের সুনির্দিষ্ট শিডিউলসহ সম্পূর্ণ বকেয়ার জন্য পোস্ট-ডেটেড চেক প্রদান করেন, তবে তারাও এই সুবিধা গ্রহণ করতে পারবেন। অফারটি শুধুমাত্র নতুন অতিরিক্ত ক্যাপাসিটি ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং ক্যাপাসিটি থাকা পর্যন্ত 'আগে আসলে আগে পাবেন' ভিত্তিতে প্রদান করা হবে। এই প্যাকেজটি আজ মঙ্গলবার (১০ মার্চ) থেকে কার্যকর হবে।

দ্বিতীয় প্যাকেজ: লিমিটেড ডেস্টিনেশন বোনাস ব্যান্ডউইডথ

এছাড়া বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি’র আইপি ট্রানজিট সেবার অধীন শূন্য বকেয়া প্রিপেইড গ্রাহকদের জন্য 'লিমিটেড ডেস্টিনেশন বোনাস ব্যান্ডউইডথ' প্যাকেজ চালু করা হয়েছে। এ প্যাকেজের আওতায় গ্রাহকরা নির্ধারিত শর্ত সাপেক্ষে ৭০ শতাংশ পর্যন্ত বিনামূল্যে বোনাস লিমিটেড ডেস্টিনেশন ব্যান্ডউইডথ সুবিধা পাবেন।

এই সুবিধা বিএসসিপিএলসি’র কুয়াকাটা বা কক্সবাজার পপ থেকে প্রদান করা হবে এবং প্রতিষ্ঠানের সংযুক্ত বিদ্যমান সিডিএন প্রোভাইডারসমূহের ডেস্টিনেশন ব্যান্ডউইডথের ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্যাকেজটি আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

প্রণোদনার উদ্দেশ্য ও প্রভাব

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি জানিয়েছে, নতুন এই প্রণোদনা প্যাকেজগুলো দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানসমূহকে আরও সাশ্রয়ী মূল্যে অর্থাৎ প্রতি মেগাবাইট ডাটা ৯০ টাকারও কম মূল্যে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ ব্যবহারের সুযোগ করে দেবে। এটি তথ্যপ্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক অর্থনীতির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই উদ্যোগের মাধ্যমে সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব হবে, যা দেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।