টেলিকম খাতে দুর্নীতির সুযোগ রাখিনি, লাইসেন্স না দিয়ে রাজনৈতিক চাপ মোকাবিলা: ফয়েজ আহমদ
টেলিকমে দুর্নীতি সুযোগ রাখিনি, লাইসেন্স না দিয়ে চাপ মোকাবিলা

টেলিকম খাতে দুর্নীতির সুযোগ রাখিনি, লাইসেন্স না দিয়ে রাজনৈতিক চাপ মোকাবিলা: ফয়েজ আহমদ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন যে, তিনি টেলিকম খাতে দুর্নীতি করার কোনো সুযোগ রাখেননি। তিনি জানান, লাইসেন্স না দেওয়ায় রাজনৈতিক দলের অনেক মানুষ তার ওপর নাখোশ হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা তুলে ধরেন।

লাইসেন্স না দেওয়ায় রাজনৈতিক চাপ ও প্রতিক্রিয়া

ফয়েজ আহমদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, 'মুখ খুললে বহু ভদ্রলোকের শুধু প্যান্ট খুলে যাবে না, বরং আন্ডারঅয়্যারও খসে পড়ার চান্স আছে। তাই আমার সাথে হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন। বরং আমার কাজ নিয়ে আলোচনা-সমালোচনা করুন, দেশের দু-পয়সা উপকার হবে।' তিনি উল্লেখ করেন, টেলিকমের দুর্নীতির প্রধানতম উৎস লাইসেন্স দেওয়া। বাংলাদেশের ইতিহাসের প্রথম দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে তিনি কোনো লাইসেন্স দেননি, ফলে দুর্নীতি করার কোনো স্কোপই তিনি রাখেননি।

আইসিটি ও টেলিকম খাতে গৃহীত নীতিমালা ও সংস্কার

ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) ও টেলিকমে তার সময়ে করা বিভিন্ন আইন ও নীতির তালিকা তুলে ধরেন। আইসিটি খাতের ছয়টি অধ্যাদেশ ও নীতিমালার মধ্যে রয়েছে:

  • সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ (গেজেট প্রকাশিত)
  • ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধাদেশ, ২০২৫ (গেজেট প্রকাশিত)
  • ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা (সংশোধনী) অধাদেশ, ২০২৬ (গেজেট প্রকাশিত)
  • জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ (গেজেট প্রকাশিত)
  • ন্যাশনাল সোর্স কোড পলিসি, ২০২৬ (আন্তমন্ত্রণালয় সভায় গৃহীত)
  • ন্যাশনাল এআই পলিসি, ২০২৬ (খসড়া প্রকাশিত) এবং ন্যাশনাল ক্লাউড পলিসি, ২০২৬ (খসড়া প্রকাশিত)

টেলিকম খাতের অধ্যাদেশ, নীতিমালা ও সংস্কারের মধ্যে রয়েছে:

  1. টেলিকম লাইসেন্স ও নেটওয়ার্কিং পলিসি (গেজেট প্রকাশিত)
  2. টেলিযোগাযোগ (সংশোধনী) অধ্যাদেশ (গেজেট প্রকাশিত)
  3. ন্যাশনাল সার্ভেইল্যান্স প্রসেস প্রস্তাবনা (নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটির চূড়ান্ত প্রতিবেদন)
  4. টেলিকম নেটওয়ার্ক লাইসেন্সসমূহের নতুন গাইডলাইন (গৃহীত)
  5. রোলআউট অবলিগেশন এবং কেপিআই বেঞ্চমার্কিং (গৃহীত)

ডাক বিভাগে সংস্কার কার্যক্রম

ডাক বিভাগে ফয়েজ আহমদের সময়ে করা সংস্কার কার্যক্রমের মধ্যে রয়েছে:

  • ডাকসেবা অধ্যাদেশ, ২০২৬
  • নতুন ঠিকানা ব্যবস্থাপনা ও ম্যাপিং
  • ভাসমান ও ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন
  • ডিজিটাল পার্সেল ও পোস্ট্যাল ট্র্যাকিং
  • ই-কমার্স রূপান্তরের জন্য সেন্ট্রাল লজিস্টিকস ট্র্যাকিং

আওয়ামী লীগের টেলিকম আইন পরিবর্তন ও ভবিষ্যত সতর্কতা

ফয়েজ আহমদ দাবি করেন, তিনি আওয়ামী লীগের সকল টেলিকম আইন, পলিসি ও গাইডলাইন পরিবর্তন করে দিয়েছেন এবং নতুন পারফরম্যান্স বেঞ্চমার্কিং সূচনা করে গেছেন। তিনি ব্যক্তিকে তার কাজের মধ্য দিয়ে মূল্যায়ন করার আহ্বান জানান এবং সতর্ক করেন যে, না হলে ভবিষ্যতে কেউ দেশে কাজ করতে আসবে না।

তিনি আরও লিখেছেন, ১১ মাসে কী করেছি, কেন করেছি, তা নিয়ে 'নোট টু সাকসেসর' লিখে দিয়েছি, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম। তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী দায়িত্বপ্রাপ্ত একজন সৌভাগ্যবান হবেন, কারণ সব ফাউন্ডেশনাল কাজ তিনি করে দিয়ে গেছেন। কিছু পরিবর্তন করতে চাইলেও বেজলাইনের ওপর পরিবর্তন করা সহজ হবে, কিন্তু হঠকারী কিছু করলে রেকর্ডেড হবেন, যেহেতু তাদের সব পাবলিকেশন আছে, তাই ইতিহাসের কাছে তাকেও দায়বদ্ধ থাকতে হবে। টুকটাক পরিবর্তন রাজনৈতিক প্রশাসন অবশ্যই করবেন, কিন্তু পুরো ইকোসিস্টেম পরিবর্তন করা কঠিন হবে।