মে দিবস উপলক্ষে প্রাইভেটকার নিয়ে র্যালি করেছেন উবার-পাঠাও চালকরা। এ সময় তারা অ্যাপ ভিত্তিক উবার-পাঠাও চালকদের জন্য সুস্পষ্ট নীতিমালার দাবি জানান।
র্যালির বিবরণ
শুক্রবার (১ মে) রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে সকাল ৮টা থেকে গাড়ির বহর নিয়ে অ্যাপ-বেইজড ট্রান্সপোর্ট ইউনিয়নের ব্যানারে র্যালি শুরু করে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসেন তারা। তারা জানান, সকাল ৮টা থেকে মানিক মিয়া এভিনিউতে গাড়ি নিয়ে র্যালির জন্য আসতে শুরু করেন। পরে সকাল সাড়ে ১০টায় সেখান থেকে র্যালি শুরু করে প্রেস ক্লাব হয়ে পল্টন মোড়ে আসেন। এখান থেকে তারা আবার হাইকোর্ট হয়ে সংসদ ভবনের সামনে গিয়ে তাদের মে দিবসের র্যালি শেষ করবেন।
নেতার বক্তব্য
উবার-পাঠাও চালকদের র্যালিতে পল্টন মোড়ে অ্যাপ-বেইজড ট্রান্সপোর্ট ইউনিয়নের সভাপতি বেলাল আহমেদ বলেন, “আমাদের কাজকে রাইড শেয়ারিং বলা ঠিক নয়। আসল রাইড শেয়ারিং হল যখন কেউ নিজের যাত্রায় শূন্য আসন অন্যের সঙ্গে ভাগ করে। আমরা সবাই শ্রমিক, আমাদের শ্রম, বাহন ও জ্বালানি খরচ করি, কিন্তু ‘রাইড শেয়ারিং’ কথার আড়ালে আমাদের ন্যায্যতা নষ্ট করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমাদের বাইকের জ্বালানির দাম বাড়লো, কিন্তু আমাদের অ্যাপের ভাড়া দিন দিন কমছে। গত ৫ বছরে আমাদের ভাড়া কমে অর্ধেকের নিচে চলে এসেছে। এর ফলে বাইকগুলোকে অ্যাপ ছাড়া হয়ে গেছে। প্রাইভেট কার ৮৫ হাজার থেকে ৫ হাজারে নেমে এসেছে। ফলশ্রুতিতে পিক আওয়ারে মানুষ এখন আর গাড়ি খুঁজে পায় না।”
দাবি ও প্রত্যাশা
র্যালিতে নিজেদের দাবি জানিয়ে বেলাল আহমেদ বলেন, “আমরা চাই আমাদের ন্যায্য পারিশ্রমিক এবং শোভন কর্মপরিবেশ। একটা বাহন ১৪ ঘণ্টা রাস্তায় থাকে, অথচ চালকদের জন্য প্রস্রাব-নাস্তার স্থান বা গাড়ি রাখার জায়গা নেই। অনেক এলাকায় খানাখন্দে আমাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য আমরা সুস্পষ্ট নীতিমালা চাই, যা শ্রমিক হিসেবে আমাদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে।”



