স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন ব্যবস্থাপনা আরও সমন্বিত ও সময়োপযোগী করতে ‘ইলেকশন সিডিউল ম্যানেজমেন্ট মডিউল (ইএমএস)’ নামের একটি নতুন সফটওয়্যার চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৭ মে) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
সফটওয়্যারের উদ্দেশ্য ও কার্যকারিতা
চিঠিতে বলা হয়েছে, এই সফটওয়্যারের মাধ্যমে নির্বাচনসংক্রান্ত তথ্য হালনাগাদ রাখা হবে। পাশাপাশি নির্বাচন তফসিল ঘোষণার প্রক্রিয়া সহজ ও কার্যকর করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে তথ্য এন্ট্রি করার নির্দেশ দিয়েছে ইসি।
নির্বাচনি ক্যালেন্ডার সফটওয়্যার
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর—সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচনের সময়মতো তফসিল ঘোষণার সুবিধার্থে একটি ‘নির্বাচনি ক্যালেন্ডার’ সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে। এই সফটওয়্যারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ, গেজেট প্রকাশ, শপথ গ্রহণ ও প্রথম সভার তারিখসহ ওয়ার্ড বিন্যাস, ভোটার তালিকা পুনর্বিন্যাস এবং মামলা-সংক্রান্ত তথ্য হালনাগাদ করা আবশ্যক বলে জানানো হয়।
তথ্য এন্ট্রি ও মনিটরিং প্রক্রিয়া
নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তারা সফটওয়্যারে প্রয়োজনীয় তথ্য এন্ট্রি করবেন। এ জন্য তাদের আগামী ১৫ মে’র মধ্যে তথ্য এন্ট্রি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তারা মনিটরিং করবেন। এন্ট্রি করা তথ্য যাচাই করে তারা প্রত্যয়ন দেবেন।
এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের আইসিটি অনুবিভাগ মাঠ পর্যায় থেকে ইএমএসের ‘ইলেকশন সিডিউল ম্যানেজমেন্ট মডিউল’-এ তথ্য এন্ট্রি ও মনিটরিংয়ের জন্য প্রয়োজনীয় লিংকসহ ব্যবস্থা গ্রহণ করবে।



