তাজুল ইসলামের ফেসবুক পেজ উদ্ধার: ভক্তদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ
দেশজুড়ে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তাজুল ইসলাম তাজুর ফেসবুক পেজ অবশেষে উদ্ধার হয়েছে। আজ সোমবার সকালে তিনি নিজেই ‘তাজু ২.০’ পেজ থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিডিও বার্তায় বিস্তারিত বিবরণ
৯ মিনিট ৪২ সেকেন্ডের ভিডিওতে তাজু বলেন, গতকাল রোববার থেকে তিনি নানা সমস্যায় পড়েছিলেন। পরে ফেসবুক কর্তৃপক্ষ তাঁর পেজটি ফিরিয়ে দেয়। এ সময় যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ভক্তদের উদ্দেশে তাজু বলেন, তিনি যেন চরাঞ্চলের মানুষের কথা তুলে ধরতে পারেন, সে জন্য সবাই দোয়া করবেন। আগের মতো ভালোবাসা ও সমর্থন অব্যাহত রাখার আহ্বানও জানান।
পেজ হারানোর ঘটনা ও ভক্তদের প্রতিক্রিয়া
এর আগে গতকাল দুপুরের পর হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে তাঁর পেজটি উধাও হয়ে যায়। প্রায় ১০ লাখ অনুসারীর পেজটি হঠাৎ হারিয়ে যাওয়ায় ভক্তদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
তাজুল ইসলামের দ্রুত জনপ্রিয়তা
সম্প্রতি স্বাধীনতা দিবসে সরকারি দরে জিলাপি বিক্রির একটি ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পান তাজু। তাঁর সরল উপস্থাপনা, স্বতঃস্ফূর্ততা এবং গ্রামীণ জীবনের বাস্তবচিত্র তুলে ধরার ভিন্নধর্মী কনটেন্ট দ্রুত মানুষের মন জয় করে। ভাইরাল হওয়ার পর থেকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে তাঁর বাড়িতে দেশের বিভিন্ন স্থান থেকে ইউটিউবার ও কনটেন্ট নির্মাতাদের ভিড় বাড়তে থাকে। কেউ সাক্ষাৎকার নিতে, কেউ ভিডিও ধারণ করতে সেখানে যান। এ ঘটনায় তাঁর ব্যক্তিগত ও পারিবারিক জীবনে অস্বাভাবিক চাপ তৈরি হয়েছে বলে স্থানীয় লোকজনের অভিযোগ।
অনুসারী সংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধি
উল্লেখ্য, ভাইরাল হওয়ার আগে ‘তাজু ২.০’ পেজে তাঁর অনুসারী ছিল প্রায় ৬ হাজার। ১০ দিনের ব্যবধানে সেই সংখ্যা বেড়ে প্রায় ১০ লাখে পৌঁছায়।



